শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪

আতিয়া মহলের চারপাশে ১৪৪ ধারা জারি: মহলে বৃদ্ধাকে বিপদের মুখে ফেলে আসেন স্বজনরা, মই দিয়ে উদ্ধার করলেন কমান্ডোরা

আতিয়া মহলের চারপাশে ১৪৪ ধারা জারি: মহলে বৃদ্ধাকে বিপদের মুখে ফেলে আসেন স্বজনরা, মই দিয়ে উদ্ধার করলেন কমান্ডোরা

শীর্ষবিন্দু নিউজ: অপারেশন টোয়াইলাইট। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার সকাল ৭টার দিকে এই ধারা জারি করা হয় বলে জানিয়েছেন সিলেটের গোয়ালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সিলেটের জঙ্গিবাড়ি আতিয়ার ভিলায় এ অপারেশনে নামে গতকাল সকালে। বৃহস্পতিবার রাত থেকেই এ জঙ্গি আস্তানা ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

এদিকে, আতিয়া মহল থেকে জোৎস্না রানী রায় (৯০) নামের এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ৪ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিভিন্ন সূত্র জানিয়েছে, পাশের ভবনের ৪ তলা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লালবৃত্ত চিহ্নিত রুমে জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে একাধিক সূত্র

এর আগে শনিবার সেনাবাহিনীর আহ্বানে সাড়া দিয়ে ওই ফ্ল্যাটে থাকা তার স্বজনরা তাড়াহুরো করে নামতে গিয়ে তাকে রেখেই চলে আসেন।

ওসি খাইরুল জানান, সকাল ৭টার দিকে আতিয়া মহলের আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া একসঙ্গে তিনজনের বেশি লোকজন চলাচল করা যাবে না।

১৪৪ ধারা জারি করার পর বেশ ভোগান্তিতে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

এদিকে, সিলেটে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জন। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া স্থানীয় এক শিক্ষার্থীসহ আরো চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্যে তিনজন পুলিশ ও দুজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্য রয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র জান্নাতুল ফাহিম মারা গেছেন। তাঁরা দুজনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, অভিযান চলাকালে ঘটনাস্থলের বাইরে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পুলিশের পরিদর্শক চৌধুরী মোহাম্মদ কায়সার, স্থানীয় যুবক ওয়াহিদুল ইসলাম অপু (২৪) ও শহীদুল (৩০)। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি করার পর আহত অজ্ঞাত পরিচয় একজন রাতে মারা যান বলে সিলেট পুলিশের উপকমিশনার রেজাউল করিম জানান।

আবদুল্লাহ আল সোহাগ নামের এক যুবক জানান, নিহত অপু তাঁর ফুফাতো ভাই। তাঁর বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার জালুপাড়া চান্দিঘাট এলাকায়। তাঁর বাবার নাম আওলাদ হোসেন। অপু সিলেট মদন মোহন কলেজে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এছাড়া নিহত শহীদুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকায় বলে জানা গেছে। তিনি সিলেটের দারিয়াপাড়ায় থাকতেন। হাসপাতালে এনটিভি প্রতিনিধি মারুফ আহমেদ বোমা বিস্ফোরণে আহত অন্তত ১৫ জনকে ভর্তি হতে দেখেছেন। তাঁদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে আতিয়া মহল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মূল সড়কের কাছের একটি জায়গায় প্রথম বোমার বিস্ফোরণটি ঘটে। এ সময় বেশ কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আসেন।

এরপর রাত পৌনে ৮টার দিকে কাছাকাছি স্থানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, যেখানে প্রথম বোমার বিস্ফোরণটি ঘটে, তার কাছেই সন্ধ্যায় গণমাধ্যমকে অভিযান সম্পর্কে ব্রিফ করেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। অভিযানের প্রস্তুতি হিসেবে দলটি সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। এ ছাড়া শিববাড়ি এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আর জনসাধারণ ও সংবাদকর্মীদের ওই এলাকা থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি ও পাঁচটি অ্যাম্বুলেন্স, সেনাবাহিনীর সাঁজোয়া যান, ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা রয়েছেন।

শুক্রবার বিকেলে সেনাবাহিনীর আট সদস্যের একটি প্যারা কমান্ডো দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। এর আগে অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশেষ বাহিনী সোয়াট।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে আতিয়া মহল ঘিরে রাখে পুলিশ। বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় লোকজন জানায়, বাড়িটির দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।

ঢাকা-চট্টগ্রামের অভিযানের পর আটক জঙ্গিদের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার পাঁচতলা বাড়িটি ঘিরে রাখেন সিলেটের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

উল্লেখ্য, আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অপারেশন টোয়াইলাইট ৫৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ভবন ঘিরে এখনো রয়েছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো ইউনিট ও সাজোয়া বহর। রয়েছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফায়ার সার্ভিস।

থেমে থেমে রোববার ভোর রাত থেকে বোমা ও গুলির শব্দ শোনা যাচ্ছে। গোলাগুলির এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে আতিয়া মহলের সামনে একটি দেয়ালের একাংশ ধসে পড়েছে। সিলেট শহর জুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মানুষের মধ্যে কাজ করছে আতঙ্ক।

এর আগে সেনাবাহিনী জানায়, বাড়িটিতে বিস্ফোরক (আইইডি) পেতে রাখা হয়েছে। তাই বলা যাচ্ছে না অভিযান কখন শেষ হবে। অভিযান শেষ হলে টোয়াইলাইটে নেতৃত্ব দেয়া অপারেশন কমান্ডার সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন এবং আমরা সাংবাদিকদের কিছু ছবিও দেব।

দিনভর অভিযান চালিয়ে আতিয়ার ভিলা থেকে ৭৮ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়। কমান্ডোদের অভিযান চলাকালে বিকালে ঘটনাস্থল থেকে গুলি ও বোমার শব্দ শোনা যায়। অভিযান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান বলেন, এই অভিযান সম্পূর্ণভাবে সেনাবাহিনী পরিচালনা করেছে। শনিবার সকাল ৯টার দিকে এ অভিযান শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে।

অভিযানের কারণে সিলেট- ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ করে দেয়া হয়। এছাড়া শিববাড়ি এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। এমনকি জনসাধারণ ও সংবাদকর্মীদেরও ওই এলাকা থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়। সকালে প্যারা কমান্ডোদের অভিযান শুরুর পর ঝড়-বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কমান্ডোরা ভবনের নিয়ন্ত্রণ নেন। তারা একের পর এক ভবনে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।

এ সময় ফায়ার সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সক্রিয় ছিলেন। দুপুর ২টার আগে মোট ৭৮ জনকে বের করে আনা হয়। তাদের কাছের একটি ভবনে জড়ো করে রাখা হয়। ওই দুই বাড়ির মধ্যে পাঁচতলা ভবনটিতে ৩০টি ফ্ল্যাটে তারা অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হলে তারা আর ভবন থেকে বের হতে পারেননি।

ভবনে অবস্থানরত সাধারণ বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর জঙ্গিদের আস্তানায় অভিযান শুরু হলে বাইরে থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুপুর ২টার আগ পর্যন্ত দুইবার গুলির শব্দ পাওয়া গেলেও এরপর মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যাচ্ছিল। ২টা ৭ ও ২টা ১০ মিনিটে দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

এরপর পৌনে এক ঘণ্টায় অন্তত ছয়বার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিকাল ৫টায় আবার দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর গুলির শব্দও আসে। অভিযান শুরুর আগে ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি রাতেই ঘটনাস্থলে এনে রাখা হয়েছিল। সকালে সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় সেখানে।

শিববাড়ি পাঠানপাড়া এলাকার এক ব্যবসায়ীর মালিকানাধীন পাঁচতলা ও চারতলা ভবন দুটি ঘিরে বৃহস্পতিবার রাত ৩টা থেকে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ভবন দুটির একটিতে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়েই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পরে অভিযান স্তিমিত করে ঢাকা থেকে সোয়াত সদস্যদের সেখানে নেয়া হয়। সেখানে ছুটে যান কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামও ঘটনাস্থলে পৌঁছান। সেনাবাহিনীর একটি প্যারা কমান্ডো দল রাতে ঘটনাস্থলে যায়। সকালে আরেকটি দল যাওয়ার পর পুরো অভিযানের দায়িত্ব নেন কমান্ডোরা। এরপরই শুরু হয় চূড়ান্ত অভিযান।

শুক্রবার অভিযান চলাকালে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হলেও তারা সাড়া দেয়নি। জঙ্গিরা পাল্টা জবাবে সোয়াতকে ঘটনাস্থলে পাঠাতে বলে। জঙ্গিরা বলে, দ্রুত অভিযান শুরু করতে। তাদের সময় কম। পরে বাড়তি সতর্কতার অংশ হিসেবে চূড়ান্ত অভিযানে যায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল মান্নান জানান, সিলেটে জঙ্গি আস্তানা থাকার তথ্য পাওয়ার পর তাদের সদস্যরা সিলেট পুলিশকে নিয়ে গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালাচ্ছিল। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে শিববাড়ির ওই ভবনের সন্ধান পান তারা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পুলিশ সদস্যরা ওই ভবন ঘিরে ফেলে প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026