শীর্ষবিন্দু নিউজ: সিলেটের আতিয়া মহলে এখনো অভিযান অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত একটানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
জঙ্গি আস্তানায় অভিযান চতুর্থ দিনে গড়ালো। অব্যাহত এই অভিযানে আজ সোমবার সকালেও থেমে থেমে গুলি বিনিময় ও গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছেএর আগে রোববার বিকেল থেকে বেশ কিছু সময় চুপচাপ থাকার পর মধ্যরাতে ওই বাড়ি থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়।
সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত থেমে থেমে গুলি চলেছে। এরপর সাড়ে আটটা পর্যন্ত কোনো শব্দ শোনা যায়নি। তবে সাড়ে ১১টার পর থেকে আবারও থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
এলাকাবাসী জানায়, গতকাল রোববার রাতে থেমে থেমে গুলি চলেছে। সকালে তাদের ঘুম ভেঙেছে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দে।
বাড়িটির বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে
রোববার ভোর থেকে কদমতলি থেকে শিববাড়ি এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে মহানগর পুলিশ। আতিয়া মহলের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আতিয়া মহল ঘিরে দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎসুক জনতার কাউকে ঘটনাস্থলের দিকে যেতে দিচ্ছে না।
গতকাল রোববার সেনা অভিযান চলাকালে বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের মধ্যে দুজন নিহত হয়েছে। সেনাবাহিনী বলেছে, ওই জঙ্গি আস্তানায় আরও এক বা একাধিক জঙ্গি থাকতে পারে। জঙ্গিরা এতই দক্ষ যে সেনাবাহিনীর ছুড়ে দেওয়া গ্রেনেড কুড়িয়ে নিয়ে পাল্টা সেনাবাহিনীর দিকেই ছুড়ে দিচ্ছে। পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বোমা-বারুদ (আইইডি) পেতে রাখা হয়েছে। এতে পুরো ভবনটি বিস্ফোরণোন্মুখ হয়ে আছে। এ কারণে ধীরগতিতে অভিযান চালাতে হচ্ছে।
জঙ্গি-বিরোধী এই অভিযান এক সময় শেষ হবে, বাড়িটা থেকে জঙ্গি ও বিস্ফোরকও খালি করা হবে। সবই হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
কিন্তু বৃহস্পতিবার রাত থেকে ৩০ ঘণ্টার বেশি সময় ঐ বাড়িতে আটকে থাকার সময়ে এত দু:সহ স্মৃতি ও ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে যে সেখানে আর বসবাস করা সম্ভব না বলে বিবিসি বাংলাকে জানালেন আতিয়া ভবনের বাসিন্দা নজরুল ইসলাম ও শিরিন আক্তার দম্পতি।
গোলগুলির শব্দে তারা ধরে নিয়েছিলেন, এই ভবন থেকে আর জীবিত বের হতে পারবেন না তারা। মৃতদেহের পরিচয় যেন নিশ্চিত হতে পারে সবাই, সেজন্য জাতীয় পরিচয়পত্র হাতে নিয়েছিলেন পুরোটা সময়।
কিন্তু শিরিন সম্পূর্ণ অসহায় হয়ে যান, যখন তার স্কুল পড়ুয়া শিশুকন্যা জানতে চায়, “মা আমার তো পরিচয়পত্র নাই, আমার কি হবে? আমাকে কি মেরে ফেলবে?”
শিরিন জানিয়েছেন, নতুন ভাড়টিয়াদের তেমন একটা চিনতেন না তারা। আইনশৃঙ্খলা বাহিনী যখন মাইকে মর্জিনা বেগমকে বের হয়ে আসতে বলছিল, তারা বুঝতে পারছিলেন না কাকে ডাকা হচ্ছে।
আতিয়া মহলের বাসিন্দা একটি পরিবার
প্রতি মূহুর্তে মৃত্যুর শঙ্কায় ৩০ঘন্টা কাটিয়ে আসার পর ঐ বাড়িতে আর দৈনন্দিন জীবন যাপন করা সম্ভব না বলে জানিয়েছেন শিরিন।
আতিয়া মহলের সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রুদ্ধদার অভিযান চলাকালে শনিবার সন্ধ্যা ও রাতে দু দফা বোমা বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অনেকেই। গুরুতর আহত র্যাবের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।
একই বক্তব্য ঐ বাড়ির আরেক বাসিন্দা পঞ্চম তলার বাসিন্দা আনিসুর রহমানের। আটকে থাকার পুরো সময়টাতে ফ্ল্যাটের মেঝেতে লেপ আর তোষক ফেলে শুয়েছিলেন মি. রহমান ও তার স্ত্রী। ভেবেছিলেন, অভিযানে জঙ্গিদের সাথে তারাও মারা পড়বেন।
শুক্রবার রাতে প্রতি মূহুর্তের গোলাগুলির শব্দে ভেবেছি মৃত্যু আমার দরজায় কড়া নাড়ছে। মৃত্যু আসন্ন জেনে প্রায় সব আত্মীয়কে ফোন করে কথা বলে নিয়েছিলেন। শনিবার সকাল ১০-১১টার দিকে, যখন তার দরজায় টোকা পড়ে, উকি দিয়ে দেখলেন দরজায় সেনাসদস্যরা।
ইশারায় চুপ থাকতে বলে একে তাদের বের করে নিয়ে আসে সেনা সদস্যরা। বের হবার পরও আতংক কাটেনি মি. রহমানের। স্ত্রীকে নিয়ে চলে গেছেন সিলেট শহরে। আর কখনো ফিরতে চান না আতিয়া মহলে। সব স্বাভাবিক হয়ে গেলেও না।
সোমবার সকালে সোয়া ৬টার পর আবারও আতিয়া ভবনে থাকা জঙ্গিরা বেশ কিছু সময় থেমে থেমে গুলি এবং কয়েকটি গ্রেনেডের বিস্ফোরন ঘটায়। এ সময় গোটা এলাকায় বিকট শব্দ হয়।
রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, আতিয়া মহল নামের ওই বাড়িতে অন্তত দুই জঙ্গি মারা পড়েছে এবং ভেতরে আরও জঙ্গি রয়েছে বলে তাদের ধারণা। ভেতরে অবস্থানরত জঙ্গিরা বেশ কৌশলী জানিয়ে তিনি বলেন, অভিযানে ‘ভালো’ ঝুঁকি রয়েছে। ফলে বলা যাচ্ছে না, কখন তা শেষ হবে।
এর আগে জঙ্গি আস্তানার কাছে পুলিশি ব্যারিকেডের পাশে শনিবার সন্ধ্যায় পরপর দুটি বোমা বিস্ফোরনের ঘটনায় সকালে মোগলাবাজার থানায় মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করে।