সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬

তিস্তা চুক্তি নিয়ে এখনও শক্ত অবস্থানে মমতা: পুরোনো ব্যক্তিগত সম্পর্কের দাবীকে পুজি করে আশায় বাংলাদেশ

তিস্তা চুক্তি নিয়ে এখনও শক্ত অবস্থানে মমতা: পুরোনো ব্যক্তিগত সম্পর্কের দাবীকে পুজি করে আশায় বাংলাদেশ

ফাইল ফটো

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী এপ্রিলের ৭ তারিখে তিন দিনের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে শুরু হয়েছে হাজারো জল্পনা-কল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এক নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

জানা গেছে প্রণব মুখোপাধ্যায়ের আতিথেয়তায় এদিন রাষ্ট্রপতি ভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মুলত শেখ হাসিনার সম্মানেই রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে।

কিন্তু এই আমন্ত্রনে মমতা সাড়া দেবেন কী না তা নিয়ে চলছে বিস্তর আলোচনা -সমালোচনা। ইতমধ্যেই ‘রাজ্যকে এড়িয়ে কেন্দ্র একতরফা তিস্তা চুক্তি হতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা। মমতার দাবী , এমন চুক্তি হলে এর ফলে দেশের রাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন হবে।

শেখ হাসিনার ভারত সফর যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর প্রত্যাশার চাপ বাড়ছে ঢাকায়। ইতমধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আর চায়ের আড্ডায় শুরু হয়ে গিয়েছে সেই সফরের কাউন্টডাউন। আলোচনার কেন্দ্রবিন্দুতে সঙ্গত কারনেই চলেয়াসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি প্রশ্নের জবাব পেতে সবাই উৎসুক ‘মমতা কবে সম্মতি দেবেন তিস্তায়?’

নির্ভরযোগ্য সুত্রের বরাতে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে ওই নৈশভোজে যেতে ইচ্ছুক নন মমতা’ ।

তবে তৃণমূলের এক নেতার কথায় পাওয়া গেলো আশার বাতি। তিনি জানিয়েছেন, ‘ নৈশভোজে এখনও এক সপ্তাহের বেশি সময় বাকি। এর মধ্যে ইতিবাচক কিছু ঘটলে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদলাতেই পারেন। ‘

তিস্তার পানিবন্টন নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে বহুল আলোচিত বোঝাপড়া এখনও হয় নি। যে বোঝাপড়ার পথে প্রধান আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

কদিন আগেও কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল এ বি পি আনন্দকে দেওয়া এক সাক্ষাতকারে মমতা ব্যানার্জী জানিয়েছেন তাঁর আপত্তির মূল কারণটা কী।

স্পষ্টই জানিয়েছেন, “তিস্তা নিয়ে আমার রাজ্যের স্বার্থে যা করার, আমি তাই করব। ওরা আমাদের না জানিয়ে নিজেদের ইচ্ছে মতো সব করে, একবার জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করে না। হয়তো সব কিছু সেরেও নিয়েছে। সব কিছু সেরে নিয়ে যদি আমাকে বলো স্ট্যাম্প মারার জন্য, আমি বলব সরি,”

তবে তিনি এও বলেছিলেন যে, বাংলাদেশকে তিনি খুবই ভালবাসেন, যতটা সম্ভব সাহায্য বাংলাদেশকে তিনি করবেন রাজ্যকে বাঁচিয়ে।

এদিকে, তিস্তার চুক্তি নিয়ে আশাবাদী এইচ টি ইমাম এবং মশিউর রহমান (প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা) দু’জনেই প্রকাশ্যে জানিয়েছেন যে প্রণব মুখোপাধ্যায় ও মমতার ব্যক্তিগত সম্পর্কের রসায়নে তিস্তার জল গড়াবে বলে তাঁরা আশাবাদী।

প্রধানমন্ত্রীর ঘণিষ্ঠ প্রবীণ নেতা এবং রাজনৈতিক পরামর্শদাতা এইচ টি ইমাম অতীতের একটি ঘটনা উল্লেখ করে বলছেন— মমতা নিশ্চয়ই আসবেন এবং বাংলাদেশের পাশে দাঁড়াবেন।

তিনি বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গিয়ে যে রাষ্ট্রপতি ভবনে থাকছেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমি ব্যক্তিগত ভাবে জানি মমতার সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক কতটা আন্তরিক। তাঁকে নিজের মেয়ের মতো দেখেন প্রণববাবু। ফলে যদি কোনও সুযোগ আসে, তা হলে রাষ্ট্রপতি ভবনে অবশ্যই মমতার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হবে।

এইচ টি ইমামের উধৃতি দিয়ে ভারতীয় পত্রিকা আনন্দবাজার লিখেছেন, ২০১০-এ হাসিনার আগের সফরের আগে এইচ টি ইমাম গিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছে। সে সময়ে রেলমন্ত্রী ছিলেন মমতা। তখনই তুই বলে সম্বোধন করে মমতাকে ডেকে পাঠান প্রণব। এইচ টি ইমামের কথায়, সে দিন আমি মমতাকে বলেছিলাম, বাংলাদেশ থেকে শিয়ালদহ হয়ে শিলিগুড়ি পর্যন্ত রেল লাইনের জন্য আমাদের সাহায্য করুন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দু’দেশের রেল যোগাযোগে মমতা বড় ভূমিকা নিয়েছিলেন।

এইচ টি ইমামের সেই স্মৃতিচারনের উধৃতি দিয়ে খবরে বলা হয়, সাত বছর আগের সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার নতুন করে পেতে চাইছে বাংলাদেশ।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক পরামর্শদাতা মশিউর রহমান জানিয়েছেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলে ডাকেন। এটা তাই শুধু শুকনো কূটনৈতিক সম্পর্ক নয়, ব্যক্তিগত আবগের বিষয়!

ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত নানা খবরসুত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চলাকালীন বাংলাদেশ সংলগ্ন পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিল্লিতে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিয়েছে দেশটি কেন্দ্রীয় সরকার। তিস্তা চুক্তি নিয়ে এখনই চূড়ান্ত পদক্ষেপ করার পরিস্থিতি তৈরি না হলেও, কেন্দ্র চাইছে এই সফরে শেখ হাসিনার সঙ্গে এক বার আলোচনা হোক মমতার। সে ক্ষেত্রে ইতিবাচক বার্তা যাবে সব মহলে।

তবে মমতার উদ্ধৃতি দিয়ে একটি সংবাদপত্র লিখেছেন, নিজ দেশের সার্থ্য নিয়ে শক্ত অবস্থানে থাকা মমতা নাকি জানিয়েছেন, শেখ হাসিনার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অটুট রয়েছে। কিন্তু রাজ্যের স্বার্থ হানি হয় এমন কোনও কাজ তিনি করবেন না।

প্রসঙ্গত, তিস্তা চুক্তির নিয়ে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের বক্তব্যের জের ধরে ভারতের লোকসভায় হট্টগোল হয়েছে সম্প্রতি। পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে তিস্তা চুক্তি মেনে নেওয়া হবে না এবং এমনটা করা হলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, তৃণমূলের সাংসদ এমন বক্তব্য দেওয়ার পর হট্টগোল বাধে।

গত সোমবার লোকসভা অধিবেশনের দাঁড়িয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা ও সাংসদ অধ্যাপক সৌগত রায় বলেন, পাকিস্তান ও বাংলাদেশের প্রতি বিজেপি সরকারের মনোভাবের পরিবর্তন হয়েছে। কেন্দ্রীয় সরকার চাইছে তিস্তা চুক্তি সম্পাদন করতে।

এ সময় ওই তৃণমূল সাংসদ বলেন, দলের নেত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি জানিয়েছেন ২৫ মে ঢাকায় গিয়ে তিস্তা চুক্তি সম্পাদন করা হবে। রাজ্যকে না জানিয়ে এইরকম কোনও চুক্তি হলে সেটা মেনে নেবে না তৃণমূল কংগ্রেস। রাজ্যের স্বার্থ বিঘ্নিত করে এই ধরণের কোনও চুক্তি হলে মমতা সেটা মেনে নিবেন না।

বক্তব্য শেষ হওয়ার পর লোকসভার তৃণমূল সাংসদরা দাঁড়িয়ে বক্তব্যের সমর্থনে টেবিল চাপড়াতে থাকেন। এই সময় লোকসভার স্পিকার মীরা কুমার সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু তারা টেবিল চাপাড়াতে থাকায় সংসদে বিজেপির সাংসদরাও দাঁড়িয়ে চিৎকার শুরু করেন। এ নিয়ে লোকসভা বেশ কিছু সময় হট্টগোল চলে।

কলকাতার একটি টেলিভিশন চ্যানেলকে সম্প্রতি দেওয়া সরাসরি সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের সঙ্গে যা চুক্তি করার করা হবে। কিন্তু তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র তাকে কিছু জানায়নি। এমনকি ২৫ মে ঢাকায় তিস্তা চুক্তি করা হবে বলেও মমতা দাবি করেন।

মমতা বলেন, শুনেছি ২৫ মে ঢাকায় এই চুক্তি করা হচ্ছে। আমি এর কিছুই জানিনা। কেন্দ্র যদি মনে করে সব রেডি করে দিয়ে আমাকে স্ট্যাম্প মারতে হবে সেটা আমি কোনও দিনই করবো না।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ভালো বলেও এসময় দাবি করেন মমতা। তার ভাষায়, সম্পর্ক ভালো না হলে ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট হলো কি করে? এসময় ক্ষুব্ধ কন্ঠেই মমতা জানানা, সব চাইলে সবই কি পাওয়া যায়?

এদিকে, সর্বশেষ সংবাদ অনুযায়ী, তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত শনিবার ভারতের অনলাইন সংবাদ মাধ্যম ক্যাচ নিউজ এই খবর জানিয়েছে।

সংবাদে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি নিউজ চ্যানেলে তিস্তা চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে বলে দাবি করেন। এমনকি তিস্তা চুক্তি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন।

এরপরই গতকাল শুক্রবার ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মমতার সঙ্গে যোগাযোগ করেন। আগামী মাসে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো অনুষ্ঠানিক প্রস্তাব রাখার আগে বিষয়টি নিয়ে মমতার সঙ্গে আলোচনার ইচ্ছেও প্রকাশ করেন সুষমা।

অন্যদিকে, তিস্তা চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, গঙ্গা চুক্তিও শেখ হাসিনার সরকার করেছে। তিস্তা চুক্তিও শেখ হাসিনার সরকারই করবে। এ ক্ষেত্রে একটু সময় লাগতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে। তাদের দেশের পরিবেশ-পরিস্থিতির বিষয় আছে। সব বিবেচনা করেই একটা সিদ্ধান্ত হয়। তাই হয়তো সময় লাগতে পারে। এবার না হলে পরে হবে। তবে এটা নিশ্চিত যে তিস্তা চুক্তি শেখ হাসিনা সরকারের সময়েই হবে।

ওবায়দুল কাদের বলেন, ৪১ বছর ধরে ঝুলে থাকা সীমান্ত চুক্তি হয়েছে। সীমান্তে এখন শান্তি বিরাজ করছে। সমুদ্র বিজয় হয়েছে। এগুলো এ সরকারই করেছে। সুতরাং দেশের স্বার্থ বজায় রেখে সব হবে। শুধু সময়ের ব্যাপার। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে, এই সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, সার্বভৌমত্বকে বিকিয়ে কিছুই করবে না। ভারতের সঙ্গে সামরিক-বেসামরিক যেকোনো চুক্তিই হবে সমতার ভিত্তিতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026