শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানির ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের টিম বাসের ওপর বোমা হামলায় ইসলামিক মৌলবাদীদের সংশ্লিষ্টতা পায়নি দেশটির তদন্তকারীরা। বরং ওই ঘটনায় কোনো ডানপন্থী, বামপন্থী উগ্র রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনো ফুটবল সমর্থক জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ। এমন খবর দিয়েছে বিবিসি।
মঙ্গ
লবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে ফরাসি ক্লাব মোনাকোর বিপক্ষে খেলার কথা ছিল জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের। ওই ম্যাচের জন্য হোটেল থেকে টিম বাসে করে স্টেডিয়ামে যাচ্ছিলেন ডর্টমুন্ডের খেলোয়াড়রা।
কিন্তু পথিমধ্যে মারাত্মক বোমা হামলার শিকার হয় বাসটি। এতে আহত হন ডর্টমুন্ডে খেলা স্প্যানিশ ফুটবলার মার্ক বারত্রা। ওই ঘটনায় ম্যাচটি একদিনের পিছিয়ে দেয়া হয়। ফুটবল টিমের বাসে সন্ত্রাসী হামলার পর তদন্তে নামে জার্মানির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোমা হামলার স্থান থেকে তারা চিঠি উদ্ধার করে। তাতে কিছু দাবি ছিল। চিঠির বাহ্যিক লেখা পড়ে মনে হয়- কাজটি কোনো মুসলিম উগ্রপন্থীরা করেছে।
চিঠিতে জার্মানির একটি বিমানঘাটি বন্ধ করার কথা বলা হয়। ওই বিমানঘাটি বন্ধ না করা হলে খেলোয়াড়দের ওপর এমন আরো হামলা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়। বিশেষ ওই বিমানঘাটিটি সিরিয়ায় বিমান হামলার জন্য ব্যবহার করা হয়।
ওই চিঠি পড়ে বিশেষজ্ঞরা মনে করছেন, এটা কোনো ইসলামী উগ্রপন্থীদের কাজ নয়। বরং কোনো উগ্রপন্থী রাজনৈতিক সমর্থকরা হামলা করে আইএসের নামে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে।
এর পক্ষে তারা বেশ কিছু যুক্তি দেখিয়েছে। তারমধ্যে একটি হলো- চিঠিতে জার্মান ভাষায় লেখা। আর সেখানে ইচ্ছাকৃত কিছু ভুল লেখা হয়েছে। যাতে মনে করা হয় যে, হামলাকারীরা জার্মান ভাষায় কাঁচা।