শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইরাক যুদ্ধে বৃটিশ পার্লামেন্টকে ভুল পথে পরিচালিত করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এ জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তার বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় যাতে টনি ব্লেয়ারের বিচার আটকে দেয়া যায় সে চেষ্টা করছেন তার এটর্নি জেনারেল।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আগ্রাসন চালায় বৃটেন। সেই যুদ্ধে বৃটিশ ১৭৯ সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্যদের পরিবার মামলা করেছেন টনি ব্লেয়ারের বিরুদ্ধে। গত নভেম্বরে একজন বিচারক টনি ব্লেয়ারকে ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি দিয়ে রায় দেন।
এরপরই এগিয়ে আসেন সরকারের শীর্ষ পর্যায়ের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা, কনজার্ভেটিভ দলের এমপি জেরেমি রাইট। তিনি পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন। নিহত সেনা পরিবারগুলোর পক্ষে ওই মামলা করেছিলেন ইরাকের সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ জেনারেল আবদুল ওয়াহিদ শানান আর-রিবাত। কিন্তু তার আবেদনটি আমলে নেয় নি ডিস্ট্রিক্ট জজ মাইকেল।
কারণ, টনি ব্লেয়ার সাবেক প্রধানমন্ত্রী। তিনি এ জন্য দায়মুক্তি পান। কিন্তু শানান আর-রিবাত এখন নির্বাসনে রয়েছেন। তিনি চাইছেন টনি ব্লেয়ারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ও এটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথেরও বিচার হোক বৃটিশ আদালতে। তাই তিনি এখন বিচারকদের কাছে বিচার বিভাগীয় রিভিউ চাইছেন।
ওদিকে অনেক আগেই ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এসবের যথার্থতা যাচাই না করে ইরাক যুদ্ধে অংশ নেয়ার জন্য টনি ব্লেয়ারের তীব্র সমালোচনা করে ২৬ লাখ শব্দের একটি রিপোর্ট প্রকাশ করেছেন স্যার জন চিলকোট। সেই রিপোর্টের সহায়তা নিচ্ছেন রিবাত। এখন যেন টনি ব্লেয়ারের বিচার না করা হয় এ জন্য তৎপর হয়ে উঠেছেন তার আইনজীবীরা।