শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

বৃটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের যৌথ আয়োজন

বৃটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের যৌথ আয়োজন

নিউজ ডেস্ক: বিশ্ব বই দিবস ২০১৭ উদযাপন ও উইলিয়াম শেক্সপিয়রের ৪০১তম মৃত্যুবার্ষিকী স্মরণে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কার্যালয়ে বই পড়া প্রতিযোগিতা যৌথভাবে উদ্বোধন করে বৃটিশ কাউন্সিল ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক। লেখক-পাঠক, বই এবং বিশেষ করে বই পড়াকে কেন্দ্র করে পালন করা এ বিশ্ব বই দিবস।

বিশ্বব্যাপী বই পড়া উদযাপনের ক্ষেত্রে এটি ইউনেস্কো’র সবচেয়ে বড় উদযাপন। বিশ্বের শতাধিক দেশ এ উদযাপনে অংশ নেয়। এবারের আয়োজনটি বিশ্ব বই দিবসের ২০তম আয়োজন। বই পড়ার মাঝে এক ধরনের আনন্দ রয়েছে, আর এ বিষয়টি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই বিশ্ব বই দিবস পালন করা হয়।

শিশু ও প্রাপ্তবয়স্কদের মাঝে বই থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সে অনুযায়ী সুযোগ তৈরি করে দেয়ার মাধ্যমে দিবসটি পালন করে ইউনেস্কো। ২০১৩ সাল থেকে বিশ্ব বই দিবস উদযাপনের লক্ষ্যে বই পড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে বৃটিশ কাউন্সিল। বই পড়াকে যারা ভালোবাসে তারা সবাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পুরো প্রতিযোগিতাটি। ১ম-৫ম শ্রেণি পর্যন্ত গ্রুপ এ, ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত গ্রুপ বি, ৯ম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে থাকবেন অন্য প্রাপ্তবয়স্করা। বৃটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

এছাড়া বৃটিশ কাউন্সিল, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক এবং দেশব্যাপী অন্যান্য রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে নিবন্ধন করার সুযোগ থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর, বাংলাদেশ-এর কিউরেটর মো. নজরুল ইসলাম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান, সিআইপি এবং বৃটিশ কাউন্সিলের কালচারাল সেন্টারের হেড সারওয়াত মাসুদা রেজা। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে  ওন অ্যা বুক, রিড অ্যা বুক, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট তালিকা থেকে অংশগ্রহণকারীরা নিজের পছন্দের বইটি পড়বে এবং তা আর ফেরত দিতে হবে না।

অতঃপর চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এসে অংশগ্রহণকারীদের একটি মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে হবে। গ্রুপ এ-র জন্য এক্ষেত্রে কোনো মূল্যায়ন পরীক্ষা দিতে হবে না। তারা শুধু যে বই পড়েছে তার ওপর একটি সারাংশ লিখে কিংবা ছবি এঁকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বৃটিশ কাউন্সিল বরাবর পাঠাতে হবে।

ভাগ্যবান বিজয়ীরা পাবে ল্যাপটপসহ অন্যান্য আকর্ষণীয় সব পুরস্কার। আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026