রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

গণ হারে সরকারি চাকরিচ্যুতি তুরস্কে

গণ হারে সরকারি চাকরিচ্যুতি তুরস্কে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গণভোটের পর তুরস্কে গণহারে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের চাকরিচ্যুত করা হচ্ছে। এরই মধ্যে এমন কমপক্ষে ৪০০০ কর্মচারিকে চাকরিচ্যুত করা হয়েছে।

এর মধ্যে রয়েছেন আইন মন্ত্রণালয়ের কমপক্ষে ১০০০ কর্মকর্তা-কর্মচারি। প্রায় সম সংখ্যক সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বিমান বাহিনীর শতাধিক পাইলট রয়েছেন এ তালিকায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

গত বছর জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এটাই সবচেয়ে ব্যাপক হারে কর্মকর্তা-কর্মচারি চাকরিচ্যুত করার ঘটনা। ওদিকে আলাদা এক ডিক্রি জারি করা হয়েছে। তাতে টেলিভিশনে ডেটিং শো নিষিদ্ধ করা হয়েছে।

এরও আগে শনিবার অনলাইন এনসাইক্লোপেডিয়া বন্ধ করে দেয় তুরস্ক। গত বছরের সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে বুধবার ৯ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেপ্তার করা হয় বিপুল সংখ্যক সদস্যকে।

তারপরই সরকার গণহারে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত কার্যকর হরে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ১৬ই এপ্রিল অনুষ্ঠিত গণভোটে সংবিধান সংশোধনের ম্যান্ডেট পেয়ে বিপুল ক্ষমতার মালিক এখন।

তার অভিযোগ গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের নেপথ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন। তার সংগঠনকে তুরস্ক সরকার সন্ত্রাসীদের সংগঠন বলে আখ্যায়িত করে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন গুলেন। সরকার তার গেজেটে বলেছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত। তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

উল্লেখ্য, গণভোটে অল্প ভোটের ব্যবধানে প্রেসিডেন্ট এরদোগান বিজয়ী হন। এর মাধ্যমে তার হাতে যে বিপুল ক্ষমতা এসেছে তাতে বিশ্লেষকদের দৃষ্টিতে ২০২৯ সাল নাগাদ তিনি দেশটির প্রেসিডেন্ট থাকবেন। এ নির্বাচনকে অনেকে বিতর্কিত হিসেবে আখ্যায়িত করেছেন। এতে তুরস্ক বিভক্ত হয়ে আছে।

অন্যদিকে তার বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর আতঙ্ক, গণভোটের মাধ্যমে তিনি যে ক্ষমতা পেয়েছেন তাতে তিনি কর্তৃত্বপরায়ণ শাসক হয়ে উঠবেন। মার্চ মাসে উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস সতর্কতা উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, টেলিভিশনে যেসব শো তুরস্কের রীতির সঙ্গে যায় না এমন শো’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেছিলেন, এমন কিছু উদ্ভট অনুষ্ঠান আছে যা তুরস্কের পারিবারিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে, আদর্শকে নষ্ট করে। তারপরই টেলিভিশনে ডেটিং বিষয়ক প্রোগ্রাম প্রচার বন্ধ করে দেয়া হয়।

তাই ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সমালোচকরা বলছেন, তারা শঙ্কিত। তাদের আশঙ্কা, এরদোগানের অধীনে তুরস্ক রক্ষণশীল ইসলামী দেশের দিকে মোড় নেবে।

উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় সকাল ৮ টায় বন্ধ করে দেয়া হয় উইকিপিডিয়া। এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্তৃপক্ষ বলেছে, প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে তারা। তুরস্কের মিডিয়ার খবরে বলা হয়েছে, উইকিপিডিয়াকে বলা হয়েছে সুনির্দিষ্ট কয়েকজন লেখকের লেখা সেখান থেকে সরিয়ে ফেলতে।

কর্তৃপক্ষ মনে করে সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছেন এসব লেখক এবং সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তাদের যোগসূত্র আছে। সরকারের আবেদনে সাড়া দেয় নি উইকিপিডিয়া কর্তৃপক্ষ। ফলে সরকারই তুরস্কে ব্লক করে দিয়েছে উইকিপিডিয়া।

এ বিষয়ে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস টুইটে বলেছেন, তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার। এই অধিকারের জন্য তুরস্কের জনগণের পাশে আমি সব সময়ই আছি। ওদিকে অতীতে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক মিডিয়া অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল তুরস্ক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026