শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের নির্বাচনের চূড়ান্ত ভোটের মাত্র ২৪ ঘণ্টা আগে মধ্যপন্থি প্রেসিডেন্ট প্রার্থী এমানুয়েল ম্যাক্রোর প্রচারণা শিবির ব্যাপক কম্পিউটার হ্যাকিংয়ের শিকারের অ
ভিযোগ করেছে। এ হ্যাকিংয়ের ঘটনায় রুশ হ্যাকাররা জড়িত বলে দাবি করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কট্টর ডানপন্থি প্রার্থী মেরিন লি পেনের সঙ্গে চূড়ান্ত প্রতিযোগিতার আগে একটি অনলাইন ফাইল শেয়ারিং সাইটে ম্যাক্রোর বেশ কিছু ই-মেইল ফাঁস করা হয়েছে। ম্যাক্রোর রাজনৈতিক আন্দোলন এন মার্চে (এগিয়ে চল) বলছে, গণতান্ত্রিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই বিভিন্ন নথি ও অন্যান্য ফাইলের হাজার হাজার ই-মেইল ফাঁস করেছে হ্যাকাররা। যা এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেখা যায়।
শুক্রবার নথি শেয়ারিং সাইট পেস্টেবিনে প্রায় ৯ মেগাবাইট ডাটা শেয়ার করা হয়। এই সাইটে পরিচয় প্রকাশ ছাড়াই নথি পোস্ট করা যায়।
এক বিবৃতিতে এন মার্চে বলছে, আজ (শুক্রবার) সন্ধ্যায় এন মার্চে ব্যাপক ও সমন্বিত হ্যাকিংয়ের শিকার হয়েছে। এর ফলে বিভিন্ন গোপন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এফবিআই’র সাবেক স্পেশাল অ্যাজেন্ট ও ইউনিভার্সিটি অব নিউ ঞ্যাভেনের অধ্যাপক কেনেথ গ্রে আল জাজিরাকে বলেন, হ্যাকিংয়ের এ ঘটনায় তিনি বিস্মিত নন।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন কমিশন বলেছে, ম্যিাক্রোর প্রচারণা শিবির হ্যাকিংয়ের বিষয়টি কমিশনকে অবগত করেছে। শনিবার আরও পরের দিকে কমিশন এ বিষয়ে বৈঠকে বসবে।
নির্বাচনী প্রচারণা শেষ হওয়ায় হ্যাক হওয়া ডাটা গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বলছে, হ্যাক হওয়া কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ হলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।
রোববারের দ্বিতীয় রাউন্ডের ভোটে মধ্যপন্থি প্রার্থী ম্যাক্রো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী কট্টর ডানপন্থি লি পেনকে পরাজিত করতে পারেন বলে মতামত জরিপগুলোতে উঠে আসছে। কয়েক দশকের মধ্যে ফ্রান্সের এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ জরিপ বলছে, ভোটে ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারেন ম্যাক্রো।
হ্যাকিংয়ে রুশ হাত!
ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোর প্রচারণা শিবির এর আগে ই-মেইল হ্যাকিংয়ের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ এনেছিল। সেই সময় রুশ হ্যাকারদের বিরুদ্ধ সাইবার হামলার অভিযোগ আনা হয়।
তবে এ ধরনের হামলার জড়িত থাকার দাবি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। নিউইয়কভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্লাশপয়েন্টের গবেষণা পরিচালক ভিতালি ক্রেমেজ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র সঙ্গে সংশ্লিষ্ট এপিটি ২৮ নামের একটি হ্যাকারগ্রুপ ওই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও এই গ্রুপটির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠে।
গত জানুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে প্রভাবিত করতে ডেমোক্রেট দলীয় হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন।
ম্যাক্রোর মুখপাত্র সিলভেইন ফোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে হ্যাকিংয়ের তীব্র জানিয়েছেন।
এন মার্চে বলছে, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার স্বাভাবিক কর্মকাণ্ডের তথ্য রয়েছে ফাঁস হওয়া ই-মেইলে। তবে সন্দেহ ও ভুল বোঝাবুঝি তৈরি করতে মিথ্যা তথ্যও ছড়ানো হচ্ছে।