শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে কারিশিল্পে ওয়ার্ক পারমিট ভিসা সহজকরণে বৃটিশ সরকারের কাছে দাবি তোলতে সেখানে বসবাসরত সকল সিলেটীকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়া।
তি
নি গতকাল বিকালে সিলেটের রিকাবীবাজারে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ওয়ার্ক পারমিট বিষয়ক ফ্রি সেমিনারে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন- বৃটেনে সিলেটীদের রয়েছে প্রায় ১২ হাজার রেস্টুরেন্ট। দক্ষ রন্ধনশিল্পীর কারণে এসব রেস্টুরেন্ট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
অন্যদিকে, বৃটেন সরকারের কঠিন আইনের কারণে সিলেটে দক্ষ জনশক্তি প্রস্তুত থাকলেও তাদের বৃটেনে নেয়া যাচ্ছে না। এতে করে বৃটেন ও সিলেটে উভয় দিক থেকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সিলেটবাসী।
তিনি বলেন- কারিশিল্পে ওয়ার্কপারমিট সহজ করতে ইতিমধ্যে বাংলাদেশি কমিউনিটিদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। বৃটেন সরকারপর্যায়ে এই দাবি তোলা হলেও সেটি কার্যকর হচ্ছে না। এ কারণে ইতিমধ্যে আমরা বৃটেনে বসবাসকারী এক লাখ নাগরিকের দস্তখত নিয়ে বৃটিশ সরকারের কাছে ওয়ার্ক পারমিটের ভিসা সহজতর করার দাবি জানাতে প্রস্তুতি নিচ্ছি।
এজন্য তিনি সকল সিলেটীকে এই প্রক্রিয়ায় অংশ গ্রহণের দাবি জানান। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, বেঙ্গলটাইমস নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক এম কামরুল আই রাসেল, চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি আশরাফ আহমদ।
টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে টমি মিয়া আরো বলেন- সিলেটে দক্ষ জনশক্তি রপ্তানি করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যে। এ কারণে বৃটেনের পাশাপাশি বিশ্বের উন্নত দেশগুলোতেও আমাদের কারিশিল্পের বাজার গড়ে তোলতে হবে। সে প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।
ফ্রি সেমিনার শেষে অনুষ্ঠানের অতিথিদের নিয়ে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ১২তম বার্ষিকীর কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।