বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৭

শোলাকিয়া হামলা: জঙ্গি রাজীব গান্ধী রিমান্ডে

শোলাকিয়া হামলা: জঙ্গি রাজীব গান্ধী রিমান্ডে

শীর্ষবিন্দু নিউজ: শোলাকিয়া হামলার ‘মূল পরিকল্পনাকরী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাস ওরফে জাহিদ (৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে ৫দিনের রিমান্ড চেয়ে তাকে কিশোরগঞ্জের আমলগ্রহণকারী আদালত নং-১ এ হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মো. মুর্শেদ জামান বিপিএম-এর আবেদনের প্রেক্ষিতে তাকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়।

জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাস ওরফে জাহিদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পশ্চিম রাঘবপুর গ্রামের মাওলানা ওসমান গণি ম-লের ছেলে। গত ১৩ই জানুয়ারি রাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে দুর্ধর্ষ এই জঙ্গিকে আটক করে পুলিশ।

এরপর গুলশানের হলি আর্টিজান এবং উত্তরবঙ্গের বিভিন্ন মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকালে দিনাজপুর জেলা কারাগার থেকে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

আদালতে দেয়া রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান বিপিএম উল্লেখ করেন, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী ওরফে সুভাস ওরফে জাহিদ শোলাকিয়া হামলার মূল পরিকল্পনাকরী। সে এ ঘটনায় জড়িত অন্যদের সহায়তা, প্ররোচণা, অস্ত্রদান ও মদতদানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে তদন্তে জানা যায়।

শোলাকিয়া হামলার মূল রহস্য উদঘাটন, সরাসরি অংশগ্রহণকারী অপরাপর আসামিদের সনাক্ত ও গ্রেপ্তার, ঘটনার পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী, সহায়তাকারী, প্ররোচণাকারী, অস্ত্রদাতা ও মদতদাতাকে সনাক্ত করা সংক্রান্তে সংশ্লিষ্ট তথ্য তার নিকট থেকে পাওয়া যাবে মর্মে জানা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

ঈদুল ফিতরের দিন গত বছরের ৭ই জুলাই সকাল পৌনে ৯টার দিকে শোলাকিয়া ঈদগার অদূরে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে জঙ্গিরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। জঙ্গি এই হামলায় আহত হন আরো ১২ পুলিশ সদস্য। এরপর অন্য পুলিশ সদস্যরা এগিয়ে আসলে উভয় পক্ষে চলে বন্দুকযুদ্ধ।

এক পর্যায়ে আবির রহমান (২৩) নামে ঢাকার বসুন্ধরা এলাকার এক জঙ্গি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা যান এলাকার গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক। আটক হয় জঙ্গি শফিউল ও স্থানীয় তরুণ তানিম।

এ ঘটনায় পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করা পাকুন্দিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দীন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে শফিউল ও তানিমের নামোল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে সদর থানায় ১০ই জুলাই মামলা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026