রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮

বৃটেনে জাতীয় নির্বাচন: আর মাত্র ৮ দিন বাকি এরইমধ্যে জমে উঠেছে লেবার দলের জনসমর্থন

বৃটেনে জাতীয় নির্বাচন: আর মাত্র ৮ দিন বাকি এরইমধ্যে জমে উঠেছে লেবার দলের জনসমর্থন

শীর্ষবিন্দু নিউজ: আর মাত্র ৮ দিন বাকি বৃটেনে জাতীয় নির্বাচনের। আগামী ৮ই জুন সেখানে মুখোমুখি হচ্ছে প্রধানমন্ত্রী তেরেসা মে ও জেরেমি করবিনের এ দু’দল। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ক্ষমতাসীন দল কনজারভেটিভদের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে বিরোধী লেবার পার্টি।

নির্বাচনকে সামনে রেখে নতুন এক জরিপে দেখা গেছে ক্রমশই জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে লেবার দলের। আইটিভি’র গুড মর্নিং বৃটেন এর (জিএমবি) পক্ষে এ জরিপটি পরিচালনা করেছে সারভেশন।

এতে দেখা গেছে, কনজারভেটিভ দলের জনসমর্থন আগে যা ছিল এখনো তাই। অর্থাৎ তাদেরকে সমর্থন করেছে শতকরা ৪৩ ভাগ মানুষ। অন্যদিকে তাদের থেকে মাত্র ৬ পয়েন্ট পেছনে আছে লেবার দল। তাদেরকে সমর্থন করেছে শতকরা ৩৭ ভাগ মানুষ। এক সপ্তাহ আগের অবস্থান থেকে তিন পয়েন্ট বেশি সমর্থন আদায় করতে পেরেছে এ দলটি।

অথচ তেরেসা মে যখন নির্বাচনের ঘোষণা দেন তখন কনজারভেটিভরা বিরোধী লেবারের চেয়ে এগিয়ে ছিল শতকরা ২০ পয়েন্টে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন এবারের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করতে যাচ্ছে তেরেসা মে’র কনজারভেটিভরা।

কিন্তু জেরেমি করবিনের লেবার পার্টি সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়েছে। বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। আগামী এক সপ্তাহে এ চিত্র আরো পাল্টে যেতে পারে। জরিপে দেখা যায় লিবারেল ডেমোক্রেটদের সমর্থন করেছে শতকরা ৮ ভাগ মানুষ। ইউকিপকে সমর্থন করেছে ৪ ভাগ মানুষ।

অর্থাৎ তাদের জনসমর্থনে কোনো পরিবর্তন আসে নি। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি এসএনপির জনসমর্থন কমে দাঁড়িয়েছে শতকরা ২ ভাগ। অবনতি ঘটেছে গ্রিন পার্টিরও। তাদের সমর্থন রয়েছে শতকরা ১ ভাগ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ শতকরা ৫৩ ভাগ বলেছেন, তারা মনে করেন তেরেসা মে হবেন বৃটেনের বেস্ট প্রধানমন্ত্রী। এক্ষেত্রে জেরেমি করবিনের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে শতকরা ৩০ ভাগ। ৫ থেকে ৬ই মে থেকে জেরেমি করবিনের সমর্থন বেড়েছে শতকরা ৯ ভাগ।

এ জরিপ চালানো হয় বৃটেনের ১০০৯ জন অধিবাসীর ওপর, যাদের বয়স কমপক্ষে ১৮ বছর। ২৬ থেকে ২৭শে মে টেলিফোনে এ জরিপ চালানো হয়। অন্যদিকে আরেকটি জরিপ পরিচালনা করে ইউগভ। তাতে দেখা যায় ৫০ বছরের কম বয়সী ভোটারের সমর্থন লেবারদের প্রতি বৃদ্ধি পাচ্ছে।

২৫ বছরের নিচে বয়স এমন ভোটারদের মধ্যে লেবার দলের সমর্থন বেশি। এপ্রিলে অগ্রিম ভোট ঘোষণার পর থেকে এ বয়সসীমার ভোটারের সমর্থন বৃদ্ধি পাচ্ছে লেবারদের প্রতি। ওদিকে দ্য সানডে টাইমসে সব বয়সী ভোটারের ওপর করা পরিসংখ্যানে দেখা যায়, প্রধানমন্ত্রী তেরেসা মে’র কনজারভেটিভ দলের জনসমর্থন আগের চেয়ে অনেক কমেছে।

লেবারদের সঙ্গে তাদের ব্যবধান ৭ পয়েন্টে। ১৮ থেকে ২৪ বছর বয়সীসীমার ভোটারদের শতকরা মাত্র ১২ ভাগ বলেছে তারা কনজারভেটিভদের সমর্থন করবে। আর শতকরা ৬৯ ভাগ বলেছে তারা জেরেমি করবিনকে প্রধানমন্ত্রী দেখতে চায়। ২৫ থেকে ৪৯ বছর বয়সসীমার শতকরা ৪৪ ভাগ বলেছে তারা লেবার দলকেই পছন্দ করে।

এ বয়সসীমার ভোটারদের শতকরা ৩৪ ভাগ কনজারভেটিভদের পছন্দ করে। যখন নির্বাচন ঘোষণা করা হয় তখন জেরেমি করবিন এই বয়সসীমার ভোটারের সমর্থন পেয়েছিলেন শতকরা ৮ ভাগ বেশি। তা বেড়ে এখন হয়েছে শতকরা ১০ ভাগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026