শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোরায় আক্রান্তদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী অভিযান চালাচ্ছে বলে ভারতীয় দূতাবাস জানিয়েছে। চট্টগ্রামের দক্ষিণাঞ্চল থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে আইএনএস সুমিত্র নামের একটি পেট্রোল জাহাজ বর্তমানে বাংলাদেশের নৌ বাহিনীর সঙ্গে এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
এ
ই ঝড়ে সাত জনের মৃত্যুর খবর আসলেও বাংলাদেশিরা কেউ নিখোঁজ আছেন কি-না সে সম্পর্কে কর্তৃপক্ষ কোন কিছু জানায়নি। এখন ভারতীয় হাই কমিশনের তরফ থেকে বলা হচ্ছে চট্রগ্রাম থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে অভিযান চলছে এবং তারা মনে করছে আরও লোকজন সমুদ্রে ভেসে থাকতে পারে।
ঢাকায় ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া তথ্য অনুযায়ী ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা এ অভিযান চালাচ্ছে মহেশখালী উপকূলে। ওই পোস্টে জাহাজটিকে ত্রানবাহী হিসেবেও উল্লেখ করা হয়েছে।
ভারতীয় হাই কমিশন দাবি করছে মহেশখালী এলাকায় একটি মৃতদেহসহ অন্তত ৩৩জনকে উদ্ধার করেছে আইএনএস সুমিত্রা। তাদের ধারণা এরা নৌকা ডুবে বা ঝড়ের তোড়ে বাড়িঘর থেকে ভেসে গিয়েছিলো।
জীবিত আরও অনেকে সাগরে ভেসে থাকতে পারে বলে উল্লেখ করে ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
উদ্ধার অভিযান শেষে বা বাংলাদেশ নৌ-বাহিনী সেখানে কার্যক্রম শুরু করলে ভারতীয় জাহাজটি ত্রাণ হস্তান্তরের জন্য চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করবে।
উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা। পোস্টটিতে অবশ্য উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের নৌ-বাহিনীর সাথে সমন্বয় করে এ কার্যক্রম চালানো হচ্ছে।
তবে বাংলাদেশ সরকার বা নৌ-বাহিনী কারও পক্ষ থেকে এ অভিযানের বিষয়ে কোন কিছু জানানো হয়নি।