শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন? এ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।
আগামী অক্টোবরে বর্তমান হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। তার চুক্তির মেয়াদ আর বাড়ছে না- এটি প্রায় নিশ্চিত।
সাবেক পররাষ্ট্র সচিব, পোড় খাওয়া কূটনীতিক মোয়াজ্জেম আলীও আর মেয়াদ বাড়াতে চাইছে না বলে তার বন্ধু মহলে আলোচনা রয়েছে। সেগুনবাগিচাও তাই বলছে।
আর এ জন্য পররাষ্ট্র ভবনে বিদায়ী হাইকমিশনারের স্থলাভিষিক্ত কে হবেনÑ তা নিয়ে সরব গুঞ্জন! শুরুতে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের নামটি বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছিলো দিল্লির পরবর্তী হাইকমিশনার হিসেবে। ঘরোয়া আড্ডা থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাদের আনুষ্ঠানিক সভা সবখানেই এ নিয়ে আলোচনা ছিল। প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের নামটিও আলোচনায় এসেছিল।
২০১২ সাল থেকে জ্যেষ্ঠ ওই কূটনীতিক ফ্রান্সে দায়িত্ব পালন করছেন। দুই ‘শহীদুল’ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন অনেকটা আচমকাই আরেকটি নাম যুক্ত হলো।
তিনি হলেন- আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ২০১৩ সাল থেকে আমিরাতে রয়েছেন তিনি। অবশ্য তাকে রাশিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের একটি আলোচনা ছিল কয়েক মাস আগে। কিন্তু মস্কোয় নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত এস এম সাইফুল হকের মেয়াদ আরেক দফা বেড়ে যাওয়ায় সেই সম্ভাবনা আর নেই। এ অবস্থায় দিল্লিতে হাইকমিশনার পদে মোহাম্মদ ইমরানের নামটি প্রস্তাব করা হয়।
অতিরিক্ত সচিব পদমর্যাদার ওই কর্মকর্তার দিল্লি সম্পর্কে জানা-শোনাও বেশ ভাল বলে আভাস মিলেছে। আনুষ্ঠানিক কোন সূত্রই দিল্লির পরবর্তী হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে মুখ খুলছে না। মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কমকর্তা কেবল এটুকু বলেছেন, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বা প্যারিসে থাকা রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম দুই ‘শহীদুল’-এর কেউই নন।
তৃতীয় কেউ হবেন। সেখানে মোহাম্মদ ইমরানও হতে পারেন। ৮৬ ব্যাচের কর্মকর্তা মো. ইমরান আমিরাতে যাওয়ার আগে উজবেকিস্থানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। জেদ্দায় কনসুলেট জেনারেল, কালকাতায় উপ-হাইকমিশনার এবং জার্মানি ও কানাডাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে মো. ইমরান সেগুনবাগিচায় দক্ষিণ এশিয়া অনুবিভাগ প্রধানের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ ইমরানকে যদি চূড়ান্তভাবে দিল্লির রাষ্ট্রদূত করে পাঠানো হয় তবে তবে এটা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ঘটনা।
কারণ, প্রথমবারের মতো অতিরিক্ত সচিব পদমর্যাদার কোনো কূটনীতিক এ পদে নিয়োগ পাবেন। এ নিয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত রাতে মানবজমিনকে বলেন, সবই গুঞ্জন-আলোচনা আর ব্যক্তির বিবেচনা। চূড়ান্তভাবে দিল্লি মিশনের দায়িত্ব কে পাচ্ছেন তা দেখতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।