শীর্ষবিন্দু নিউজ: নতুন সরকারের নেতৃত্ব নিয়ে আগামী ১০ দিনে সাতটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে। এ সমস্যা মোকাবিলা করে তিনি কতদূর অগ্রসর হতে পারবেন তা নিয়ে অনলাইন স্কাই নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এখানে তা তুলে ধরা হলো:
ব্রেক্সিট সমঝোতা শুরু হওয়ার কথা ১৯শে জুন থেকে। তেরেসা মে যত কঠিন ইস্যু মোকাবিলা করছেন তার মধ্যে এটি হলো সবচেয়ে বড় ইস্যু। ব্রেক্সিট সমঝোতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী তার ম্যান্ডেট বাড়াতে আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন।
কিন্তু এই জুয়ার খেলায় তিনি ফেল করেছেন। হারিয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতা। যেহেতু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ আসন্ন সেহেতু এই ১০ দিন সময়ের মধ্যে তাকে ব্রেক্সিটের পক্ষ-বিপক্ষ সবাইকে এককাতারে আনতে হবে। তাকে নিশ্চিত করতে হবে মসৃণ ব্রেক্সিট সমঝোতা। এর অধীনে থাকবে একক বাজার সুবিধার বিষয়। তবে সে সুবিধা ব্রাসেলস কতটা দেবে তা এখন দেখার বিষয়।
ডিইউপির সঙ্গে গাঁটছড়া: উত্তর আয়ারল্যান্ডের স্বল্প পরিচিত দল ডিইউপির সঙ্গে জোট করে ক্ষমতায় যাচ্ছেন তেরেসা মে। ডিইউপি নির্বাচনে ১০টি আসন পেয়েছে। এই ১০টি আসন হলেই কনজারভেটিভরা ক্ষমতায় যেতে পারে। তবে কনজারভেটিভদের সমর্থন দেয়ার জন্য বড় কিছু চেয়ে বসতে পারে এ দলটি। তার কতটা তেরেসা মেটাতে পারবেন তা ঠাহর করা কঠিন।
নতুন মন্ত্রিসভা: বৃহস্পতিবারের নির্বাচনে তেরেসা মে পার্লামেন্টের সামনের সারির আটজন সদস্যকে হারিয়েছেন। তারা হলেন মন্ত্রী জেন এলিসন, সিমন কিরবি, গাভিন বারওয়েল, জেমস ওয়ার্টন, নিকোলা ব্লাকউড, রব উইলসন ও এডওয়ার্ড টিম্পসন। এছাড়া পরাজিত হয়েছেন মন্ত্রিপরিষদ অফিসের মন্ত্রী বেন গামার। এখন এসব পদে তেরেসা মে কাকে বসান তা দেখার বিষয়।
কনজারভেটিভ পার্টিতে ভিন্নমত: নির্বাচনী প্রচারণায় তেরেসা মে’কে দলের সম্পদ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই দলের বোঝা হয়ে উঠেছেন। তাকে নির্বাচনী প্রচারের সময় যেভাবে ফোকাস করা হয়েছে তা দলীয় অনেক এমপিই পছন্দ করেননি। অনেকে দলীয় মেনিফেস্টোর সমালোচনা করেছেন। তেরেসা মে নিজস্ব ভঙ্গিতে চলেন ও সাধারণ মানুষের সঙ্গে মেশেন না। এখানেই জেরেমি করবিনের সঙ্গে তার পার্থক্য।
নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে সংশয়: তেরেসা মে’র শীর্ষ দুই উপদেষ্টা নিক টিমোথি ও ফিওনা হিলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ব্যর্থ হওয়া ক্যাম্পেইনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল খুবই বেশি। এই জুটি কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন? কো-চিফ অব স্টাফ টিমোথির বিরুদ্ধে অভিযোগ, তিনিই মারাত্মক প্রশ্নবিদ্ধ সোস্যাল কেয়ার সংস্কারের প্রস্তাব আনেন কারও সঙ্গে আলোচনা না করেই।
রাণীর বক্তব্য প্রস্তুত: নিজের সংখ্যাগরিষ্ঠতা খুইয়ে প্রধানমন্ত্রী এখন যেসব আইন পার্লামেন্টে পাস করতে চাইবেন, তা নিয়ে সমালোচনা উঠবে। কারণ, সমালোচকরা বলবেন তার কোনো ম্যান্ডেট নেই। কমন্স ও হাউস অব লর্ডস- পার্লামেন্টের উভয় কক্ষেই এ নিয়ে সমালোচনা উঠবে।
নতুন নির্বাচনের দাবি: আসুন এবার কাজে নেমে পড়ি- প্রধানমন্ত্রীর এমন বার্তা সত্ত্বেও তার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি থেকে বিরোধী দলগুলো সরবে না।