মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯

প্রধানমন্ত্রীর লন্ডন সফরে বিক্ষোভ দেখাবে বিএনপি

প্রধানমন্ত্রীর লন্ডন সফরে বিক্ষোভ দেখাবে বিএনপি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে আসছেন। প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জানা গেছে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন যাবেন। তবে স্টকহোম যাওয়ার পথে লন্ডনে একদিন যাত্রাবিরতি করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রা বিরতী হলেও ব্যাপাক বিক্ষোভ প্রদর্শন করতে প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন তারা বিমানবন্দর থেকে শুরু করে প্রধানমন্ত্রী যে হোটেলে থাকবেন এর সামনে তার যুক্তরাজ্য আগমনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাবে। ইতিমধ্যে সম্ভাব্য ৫টি হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশের অনুমতি নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এর আগেও যতবার প্রধানমন্ত্রী এসেছেন ততবার বিক্ষোভ দেখিয়েছে বিএনপি। এর কারন হিসেবে তিনি বলেন, বর্তমান সরকার একটি অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার। এই সরকারের আমলে প্রতিদিন দেশে বিএনপির নেতাকর্মী হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হচ্ছে। যতদিন এসব বন্ধ না হবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততদিন এই আন্দোলন চলবে।

অপর দিকে যুক্তরাজ্য আওয়ামীলীগের এক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাজ্য আওয়ামীলীগ। বিএনপির বিক্ষোভ সম্পর্কে বলতে গিয়ে বলেন, এর আগেও বিএনপি এসব করেছে, আওয়ামীলীগ তাতে ভয় পায়না। প্রধানমন্ত্রী যতবার আসবেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন তার পাশে ছায়ার মত থাকবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কোন সভা-সমাবেশ হবে কিনা এ প্রসঙ্গে বলেন, আনুষ্ঠানিক কোন সভা হবে না। তবে নেতাকর্মীরা তার সাথে হোটেলে দেখা করবেন।

এদিকে ঢাকা সূত্রে জানাগেছে বাংলাদেশ বিমানের ভিআইপি ফ্লাইটে মঙ্গলবার মধ্যাহ্নে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়বেন। এসময় তিনি গত ৮ই জুন বৃটেনের অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক, সিলেটী বংশোদ্ভূত রুশনারা আলী এবং পাবনার আদি নিবাসী রূপা হক লেবার পার্টি থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থানকালে পুনর্নির্বাচিত বাংলাদেশি ৩ কন্যার সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় হতে পারে।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে গতকাল নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে বাংলাদেশের কোনো সরকার বা রাষ্ট্র প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

সফরকালে সুইডিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত এবং দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও দেশটির রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। সুইডেনের উপ-প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, বিচার ও অভিবাসন মন্ত্রী পৃথকভাবে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সুইডিশ বিভিন্ন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকেও যোগ দেবেন শেখ হাসিনা। ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকছে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন শীর্ষ বৈঠক শেষে ঢাকা-স্টকহোম দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক একটি যৌথ ইশতেহার বা ঘোষণাপত্র সই হতে পারে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা জোরদারে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এসবিবিসি) এবং নর্ডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই, ঢাকা) মধ্যেও সমঝোতা স্মারক সই হতে পারে।

মাহমুদ আলীর মতে, প্রধানমন্ত্রীর এ সফর দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দুই দেশের মধ্যে অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলার মতো বিষয়ে সহযোগিতা জোরদার করবে। এই সফরে ইউরোপ ও বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। আগামী ১৬ই জুন প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে স্টকহোম ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026