শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবশেষে মুখোমুখি সাক্ষাৎ হবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। শীর্ষস্থানীয় ২০ শিল্পোন্নত দেশের সংগঠন জি২০-তে দুই নেতা বৈঠক করবেন।
তাই সম্মেলনের সব দৃষ্টি তাদের ওপরই। অভিযোগ রয়েছে, ডনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জেতাতে সর্বাত্নক চেষ্টা করে পুতিনের রাশিয়া। এছাড়া অস্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণাকালে পুতিন ও রাশিয়ার প্রশংসা করেন ট্রাম্প। তাই এই দুই নেতার সাক্ষাৎ কেমন হয়, তা নিয়ে ছিল অন্যরকম আগ্রহ।
সিএনএন’র খবরে বলা হয়, এই বৈঠককে সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টারা উদ্বিগ্ন। কারণ, ট্রাম্প কী করবেন, তা বলা মুশকিল। তার এই ‘আনপ্রেডিক্টেবল’ বৈশিষ্ট্য মার্কিন কর্মকর্তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট পুতিন যেখানে মার্কিন নেতাদের সঙ্গে বৈঠকের পূর্বে ব্যাপকভাবে প্রস্তুতি নেন, সেখানে ট্রাম্প তেমন কোনো প্রস্তুতিই নেননি।
খবরে আরও বলা হয়, পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের শরীরী ভাষা থেকে শুরু করে তার বক্তব্য ও সমস্ত খুঁটিনাটি বিশ্বজুড়ে খুব সুক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে। আমেরিকান ও রাশিয়ান নাগরিকরা তো বটেই। বাইরের দেশগুলোও বোঝার চেষ্টা করবে রাশিয়ার প্রতি ট্রাম্প প্রশাসনের মনোভাব কী হবে।