শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গতকাল শনিবার জার্মানির হামবুর্গে জি-টোয়েন্টি সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান, জার্মান চ্যান্সেলার আঙ্গেলা মের্কেলের মতো আন্তর্জাতিক নেতাদের সঙ্গে একই টেবিলে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প।
আর এই ঘটনায় আবারো কড়া সমালোচনার মুখে পড়লেন ট্রাম্প। এর আগেও বারবার ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসে বিভিন্ন পদে নিজের ঘনিষ্ঠদের বসিয়েছেন তিনি।
তবে এবার আর কেবল ঘনিষ্ঠ পদ নয়, জি-টোয়েন্টি সামিটের মতো আন্তর্জাতিক সম্মেলনে খোদ প্রেসিডেন্টের চেয়ার অলঙ্কৃত করে বসলেন ট্রাম্প-কন্যা ইভানকা। এই ঘটনায় সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বিবিসি সংবাদদাতা বলেন, তিনি এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে করতে পারছেন না। যদিও ইভানকা ট্রাম্প তার বাবার উপদেষ্টা পদে আছেন, কিন্তু সাধারণত প্রেসিডেন্টের অনুপস্থিতিকে তার জায়গায় বসেন পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তা।
বৈঠক শুরু হবার কিছু সময় পরেই ট্রাম্প ফিরে আসেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মাঝে থাকা নিজের আসনটি গ্রহণ করেন। এই বৈঠকে যখন ট্রাম্প অনুপস্থিত ছিলেন, তখন আফ্রিকান অভিবাসী ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা চলছিল এবং এ বিষয়ে নেতাদের আলোচনায় ইভানকা ট্রাম্প কোনো ভূমিকা রাখেননি।
আলোচনায় উপস্থিত থাকা রাশিয়ার এক কর্মকর্তা ট্রাম্পের আসনে বসা ইভানকার ছবি টুইটারে পোস্ট করেছিলেন। পরে অবশ্য তিনি ছবিটি সরিয়ে নেন।
সামাজিক মাধ্যমে অনেকে সমালোচনা করে বলেছেন, ইভানকা নির্বাচিত কেউ নন। তার মতো এক ফ্যাশন ব্র্যান্ডের মালিক এমন উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে কোন যোগ্যতায় বসে?