শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের মধ্যাঞ্চলীয় শহর কোনিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) পাঁচ জঙ্গিকে হত্যা করেছে তুরস্কের পুলিশ। এ অভিযানে পুলিশের চার সদস্য সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি। বুধবার এ অভিযান পরিচালিত হয়। কোনিয়া প্রদেশের গভর্নর দপ্তর এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে নামে পুলিশ। ভোর সোয়া ৫টায় পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা শহরের মেরাম এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে।
আইএসের একটি সেল এই বাড়িতে বসে হামলার পরিকল্পনা করছে খবর পেয়ে সেখানে যায় পুলিশের বিশেষ বাহিনী। তবে অভিযান শুরু হলে বাড়িটিতে অবস্থানরত জঙ্গিরা গুলি ছুড়ে পুলিশকে বাঁধা দেয়ার চেষ্টা করে।
এ সময় দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশের অভিযানের মুখে বাড়িতে অবস্থানরত জঙ্গিরা নিহত হয়। বাড়িটি থেকে পাঁচটি কালাশনিকভ রাইফেল, একটি পিস্তল ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
নিহতের শনাক্ত করার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা। এর আগেও আইএস জঙ্গিরা বেশ কয়েকবার তুরস্কে প্রাণঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে।
তুরস্কে প্রায় পাঁচ হাজার ব্যক্তিকে আইএস জঙ্গি সন্দেহে আটক করা হয়। এছাড়া ৩,২৯০ জনকে তারা তুরস্ক থেকে বহিষ্কারও করে।