শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে ৯০ মিনিটের ব্যবধানে বৃহস্পতিবার রাতে পাঁচটি এসিড হামলার ঘটনা ঘটেছে। একটি মোপেডে (ছোট মোটরসাইকেল) করে দু’জন এ হামলা চালায়। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। মেট্রোপলিটন পুলিশের জানায়, এসিডে ঝসলে যাওয়া একজনের অবস্থা ঝুকিপূর্ণ।
হামলার ঘটনাগুলোর যোগসূত্র রয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পূর্ব লন্ডনের পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনে ৯০ মিনিটের মধ্যে ৫টি এসিড হামলা হয়।
শুরুতে রাত সাড়ে ১০টার দিকে দুই কিশোর কুইন্সব্রিজ রোড এলাকায় ৩২ বছর বয়সী এক মোপেড আরোহীর মুখে এসিড ছুড়ে মারে। পরে তারা মোপেডটি নিয়ে পালিয়ে যায়।
এ হামলার মাত্র ২০ মিনিট পরে ইসলিংটনের হাইবারি কর্নারের আপার স্ট্রিট জংশনে অপর এক ব্যক্তির ওপর এসিড হামলা চালানো হয়। রাত ১১টা পাঁচ মিনিটের দিকে হামলাকারীরা শোরডিচ হাই স্ট্রিট এলাকায় এক ব্যক্তির মুখ এসিডে ঝলসে দেয়। এর ১৫ মিনিট পর কেযনোভ রোডে অপর এক ব্যক্তি এসিড হামলার শিকার হন।
রাত ১১ টা ১৮ মিনিটের দিকে স্টোক নিউইংটনের কাজেনোভ রোডে ডাকাতির খবর পায় পুলিশ। সেখানেও এসিড নিক্ষেপ করা হয়। পুলিশ সেখান থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে। এসিডে তার মুখ ঝলসে গেছে। তাকে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লোকজনের মুখে এসিড নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। গোয়েন্দাদের ধারণা, এ পাঁচটি ঘটনা একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত।
আর সর্বশেষ হামলাটি ঘটে রাত ১১টা ৩৭ মিনিটে, চ্যাটসওর্থ রোডের ট্রাফিকে নিজের মোপেডে বসে থাকা অবস্থায় এক ব্যক্তির মুখে এসিড ছুড়ে মারে ওই হামলাকারীরা। এরপর তার মোপেডটি নিয়ে পালিয়ে যায় তারা।
লন্ডনজুড়ে এই এসিড হামলার পর আতঙ্কে আছেন দক্ষিণ এশীয় ও মুসলিমরা। কারণ কয়েকদিন আগে এ ধরনের ঘটনার পর রেশম খান নামের উঠতি মডেল ও তার কাজিন জামিল মুখতারকে এসিডে ঝলসে দেওয়া হয়।
এদিকে কয়েকদিন আগে কাউন্টি খেলতে যাওয়া বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের স্ত্রী-সন্তানের ওপর এসিড হামলার চেষ্টা হয় বলে গুঞ্জন ওঠে। এসেক্সের হয়ে না খেলে তামিম দেশে ফিরে এলে গুঞ্জনের ডালপালা মেলে। এ নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় খবর ছাপা হলেও তামিম ইকবাল সেটা স্বীকার করেননি।
বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যে এসিড ছোড়ার প্রবণতাও বেড়েছে। বিদ্বেষমূলকসহ বিভিন্ন হামলায় এসিডকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হচ্ছে।
দাফতরিক পরিসংখ্যানের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, গত তিন বছরে লন্ডনে এসিড ব্যবহার করে অপরাধ সংঘটনের হার দ্বিগুণ হয়েছে। ইংল্যান্ডের অন্য এলাকাগুলোতে এ ধরনের অপরাধের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এ ধরনের হামলার ঘটনা ২০১৪-২০১৫ সালের তুলনায় ২০১৬-২০১৭ সালে বেড়েছে। ২০১৪-২০১৫ সালে লন্ডনে এসিড ব্যবহার করে ১৮৬টি হামলা চালানো হয়েছিল। আর ২০১৬-২০১৭ সালে এ ধরনের হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৭-তে।
মার্চে মেট্রোপলিটন পুলিশ জানায়, লন্ডনে এসিড হামলার সংখ্যা ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে ৭৪ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে লন্ডনে ২৬১টি এসিড হামলা হয়েছিল যা ২০১৬ সালে বেড়ে ৪৫৪টিতে দাঁড়ায়।
তবে সর্বশেষ সিরিজ এসিড হামলার ঘটনা দেখিয়ে দিচ্ছে, ব্রিটেনে এসিড হামলা আতঙ্কের যৌক্তিকতা রয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এসব ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।