মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯

দুর্ভিক্ষের দিকে ধাবিত ইয়েমেন

দুর্ভিক্ষের দিকে ধাবিত ইয়েমেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরব নেতৃত্বাধীন বিমান হামলায় ইয়েমেনে নারী ও শিশু সহ কমপক্ষে ২০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের একাধিক সদস্য রয়েছেন।

এছাড়া সেখানে মারাত্মক খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। এতে দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। এ কথা বলেছে জাতিসংঘ। এ বিষয়ে বার্তা সংস্থা এপি’কে উদ্ধৃত করে রিপোর্ট প্রকাশ করেছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়েছে, ইয়েমেনের তায়েজ শহরে সরকারি বাহিনী ও বিদ্রোহী হুতিদের মধ্যে লড়াই চলাকালে পার্কিং করে রাখা একটি গাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওইসব মানুষ। তারা যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছিলেন।

এ সময় তাদের ওপর বোমা হামলা হয় মঙ্গলবার। এ ঘটনায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

এর মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, ইয়েমেনের বেসামরিক মানুষের জন্য কোথাও নিরাপদ নয়। ইয়েমেনে যেটুকু জায়তা সরকারের শাসনে আছে তার প্রতিটিই যুদ্ধ কবলিত। কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অনেকে।

আমরা ইয়েমেনের বেসামরিক লোকজনকে রক্ষায় আন্তর্জাতিক মানবিক বিষয়ক আইনের প্রতি সম্মান দেখাতে অব্যাহতভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি।

শাবিয়া মান্টু আরও বলেন, হাস্যকর বিষয় হলো যুদ্ধে বাস্তুচ্যুত যেসব বেসামরিক মানুষ তারা সহিংস এলাকাগুলোতে আটকা পড়ছেন। তায়েজ এলাকা থেকে এক চতুর্থাংশেরও বেশি পুরুষ, নারী ও শিশু তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে বেসামরিক লোকজনের জমায়েত, মার্কেট, হাসপাতাল এমনকি ইয়েমেনজুড়ে আবাসিক এলাকার ওপর বোমা হামলার অভিযোগ করে আসছে।

২০১৫ সালে প্রেসিডেন্ট আবদরাব্বু মানসুর হাদির সমর্থনে সেখানে যুদ্ধ শুরুর পর থেকেই এমনটা চলছে। তবে সৌদি আরবের সাবেক মন্ত্রী, বর্তমানে দেশের সহায়তা বিষয়ক এজেন্সির প্রধান ড. আবদুল্লাহ আল রাবিয়াহ বেসামরিক মানুষ হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, বেসামরিক মানুষের ওপর বোমা হামলা বা তাদেরকে হত্যার কোনো ইচ্ছে তাদের নেই। তার ভাষায়, যখন কোথাও যুদ্ধ হয় সেখানে কিছু ভুল হয়। তবে আমরা আমাদের ভুলগুলো যাচাই করে দেখি। তার জন্য দুঃখ প্রকাশ করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করি।

উল্লেখ্য, জাতিসংঘের হিসাব অনুযায়ী ইয়েমেনের যুদ্ধে প্রতিদিন গড়ে ৭৫ জন মানুষ নিহত হচ্ছেন। অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন কলেরায়। মারাত্মক খাদ্য সঙ্কট দেশটিকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026