শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩

সিঙ্গাপুর নয় দুবাইয়ে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক

সিঙ্গাপুর নয় দুবাইয়ে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিঙ্গাপুর নয়। পালিয়ে দুবাই গিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা। এ বিষয়টি নিশ্চিত করেছেন তার দল পুয়ে থাই পার্টির একজন সিনিয়র সদস্য। শুক্রবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় ঘোষণার কথা ছিল।

এ রায়ে তার ১০ বছর পর্যন্ত জেল হওয়ার আশঙ্কা রয়েছে। রায় ঘোষণার আগে তিনি দুবাই চলে গিয়েছেন। দলীয় সিনিয়র একজন সদস্য বলেছেন, আমরা জানতে পেরেছি ইংলাক প্রথমে কম্বোডিয়া গিয়েছিলেন। সেখান থেকে সিঙ্গাপুরে। শেষ পর্যন্ত সিঙ্গাপুর থেকে বিমানে গিয়েছেন দুবাইয়ে। সেখানে তিনি নিরাপদে অবতরণ করেছেন। বর্তমানে দুবাইতেই আছেন। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, দুবাইয়ে তিনি বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার সঙ্গে মিলিত হবেন। থাকসিন অভ্যুত্থানে ক্ষমতা হারান। তারপর ২০১১ সালের নির্বাচনে তার বোন ইংলাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশে ফেরেন। কিন্তু তাকে দুর্নীতির মামলা থেকে রেহাই দেয় নি থাই আদালত। তাকে গ্রেপ্তার করে জেল দেয়া হতে পারে, ঠিক এমনই এক প্রেক্ষাপটে পালিয়ে দেশ ছাড়েন থাকসিন শিনাওয়াত্রা।

তারপর বিভিন্ন দেশ হয়ে এখন তিনি দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। ২০১১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইংলাক কৃষকের কাছ থেকে ভর্তুকি দিয়ে চাল বা ধান কেনার কর্মসূচি হাতে নেন। এতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে। বলা হয়েছে, তিনি ওই কর্মসূচির বিষয়ে কোনো দেখভালই করেন নি। কোনো খোঁজ রাখেন নি। এর ফলে প্রকল্পে কোটি কোটি বাথ (থাই মুদ্রা) দুর্নীতি হয়েছে। এ মামলার রায় দেয়ার কথা ছিল শুক্রবার।

এদিন রাজধানী ব্যাংককে আদালতের বাইরে সমবেত হয়েছিলেন তার কয়েক হাজার সমর্থক। নির্ধারিত সময়ে ইংলাক শিনাওয়াত্রা আদালতে হাজির না হওয়ায় আদালত ঘোষণা করেন, তিনি স্বাস্থ্যগত সমস্যায় রয়েছেন। এ জন্য হাজির হতে পারেন নি। তার কানে প্রচ- ব্যথা।

ইংলাকের আইনজীবী আদালতকে এ অজুহাত দেখালে আদালত তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। নতুন করে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে ২৭শে সেপ্টেম্বর। পাশাপাশি ইংলাকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। জব্দ করা হয়েছে তার জামিনের সব অর্থ। ওদিকে ততক্ষণে খবর রটে যায় ইংলাক শিনাওয়াত্রা পালিয়ে দেশ ছেড়েছেন। তিনি কোথায় গেছেন তা প্রথমে স্পষ্ট করে বলেন নি কেউ।

কেউ বলেছেন, তিনি দুবাই গেছেন। কেউ বলেন, তিনি সিঙ্গাপুরে গেছেন। তবে এ বিষয়টি পরে নিশ্চিত করেন দলের সিনিয়র এক সদস্য। তিনি বলেন, ইংলাক গিয়েছেন দুবাইয়ে। থাইল্যান্ডের ডেপুটি পুলিশ প্রধান জেনারেল শ্রীভারা রাঙ্গসি ব্রাহ্মানাকুল বলেছেন, ইংলাকের দেশ ছাড়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

অভিবাসন বিষয়ক পুলিশ বলেছে, ইংলাককে দেশের কোথাও দেখা গেলে তাকে গ্রেপ্তার করা হবে। পুলিশের মুখপাত্র দেশনারঙ সুতিচার্নবাচা বলেছেন, ইংলাকের পালানোর খবর তারা শুনেছেন। এর পর থেকেই তার লোকজন বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ওদিকে ইংলাকের মামলা ও তিনি কোথায় আছেন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী উইসানু ক্রেয়া-নগাম। তিনি বলেছেন, তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নেয়া পুলিশের বিষয়। ইংলাক কোথায় আছেন সে বিষয়ে আমরা তাড়াতাড়িই পরিষ্কার হতে পারবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026