শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনীর নিপীড়নের প্রতিবাদে রাশিয়ার রাজধানী মস্কো ও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মুসলিমরা। রোহিঙ্গা মুসলিমদের প্রতি সংহতি জানাতে রবিবার মস্কোয় মায়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করেন তারা।
অ
ন্যদিকে জাকার্তায় বিশাল বিক্ষোভ করে মুসলিম কমিউনিটি। এসব বিক্ষোভ থেকে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধে বিশ্ববাসীকে জেগে উঠার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে জাতিসংঘ, ওআইসি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে এগিয়ে আসা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিক্ষোভের ছবি ও ভিডিও দেখা যাচ্ছে। এতে বলা হচ্ছে, রবিবার রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ছবি এবং ভিডিওতে বিক্ষোভ ঘিরে দূতাবাসের আশ-পাশে ব্যাপক পুলিশি উপস্থিতি দেখা যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন কয়েকশ’ মানুষ। এসময় তাদের ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে অনেকেই দাবি করেছেন, মস্কোতে মায়ানমার দূতাবাসের সামনে প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
ইনস্টাগ্রামে অনেকেই ছবি পোস্ট করে লিখেছেন, মুসলিম গণহত্যা বন্ধ কর। চেচেন নেতা রমজান কাদিরভ ইনস্টাগ্রাম লাইভে বলেন, মঙ্গলবার চেচেনের রাজধানী গ্রোজনি’তে তিনি একই ধরনের বিক্ষোভ সমাবেশ করবেন।
তিনি বলেন, সমাবেশে মায়ানমারের মুসলিম ভাই-বোনদের জন্য নামাজ আদায়ের পর প্রার্থনা করা হবে।
এদিকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেছে মালদ্বীপ।
রবিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গা মুসলমানদের মৃত্যু এবং হাজার হাজার রোহিঙ্গা বাস্তুহারা হওয়ার জন্য দায়ী সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মালদ্বীপ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’
ময়ানমারে গত কয়েক দশক ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা দমনের শিকার হচ্ছে এবং দেশটির এই সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘ বেশ কয়েকবার প্রতিবেদন দাখিল করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মালদ্বীপ বিশ্বাস করে যে রক্তপাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং দৃঢ়ভাবে কাজ করতে হবে। এর অংশ হিসেবে মালদ্বীপ সরকার মায়ানমারের সাথে বাণিজ্য সম্পর্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ না পর্যন্ত মায়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে অত্যাচার করছে তা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকারের লঙ্ঘনের দিকে নজর দিতে মালদ্বীপের সরকার জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে অনুরোধ জানিয়েছে।
এছাড়া তুরস্ক, জর্ডান, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহ রয়েছে।