বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫

আগামী পাঁচ বছরের জন্য সবচেয়ে ক্ষমতাধর সাত নেতা নির্বাচিত করলো চীন

আগামী পাঁচ বছরের জন্য সবচেয়ে ক্ষমতাধর সাত নেতা নির্বাচিত করলো চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের সবচেয়ে প্রভাবশালী নীতি-নির্ধারক পরিষদ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির পরবর্তী মেয়াদের জন্য নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পাঁচ বছরের জন্য নির্বাচিত এই কমিটিতে আছেন প্রেসিডেন্ট শি জিনপিং-সহ ৭ জন।

গত সপ্তাহে কমিউনিস্ট পার্টির রুদ্ধদ্বার সম্মেলন অনুষ্ঠিত হয়। ২ হাজার প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সম্মেলনেই চীনের আগামীর এ নেতাদের নির্বাচিত করা হয়। মঙ্গলবার পার্টির আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বুধবার শীর্ষ সাত নেতার নামসহ নতুন কমিটি ঘোষণা করা হলো।

জিনপিং আগামী মেয়াদের জন্যও দলের মহাসচিব নির্বাচিত হওয়ায় পরবর্তী পাঁচবছরও তিনিই পদাধিকার বলে রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকছেন।

প্রেসিডেন্ট জিনপিং ও প্রধানমন্ত্রী লি খেচিয়াং পদাধিকার বলে এই কমিটির সর্বোচ্চ দুই নেতা। চীনের ক্ষমতাকেন্দ্র নামে পরিচিত এই কমিটির বাকি পাঁচ সদস্য হলেন- ওয়াং ইয়াং, হান ঝেং, ঝাও লেজি, লি ঝাংশু এবং ওয়াং হুনিং।

ওয়াং ইয়াংকে উপ-প্রধানমন্ত্রী থেকে নির্বাহী উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে। চীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সাংহাইয়ের দলীয় সাধারণ সম্পাদক হান ঝেংকে কমিটিতে এনে চাইনিজ পিপল’স কনসালটেটিভ কনফারেন্সের প্রধান করা হয়েছে।

রাষ্ট্র ও সরকার পরিচালনার দিক থেকে চীনের সর্বোচ্চ ক্ষমতার মালিক স্ট্যান্ডিং পলিটব্যুরো কমিটি। আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত এই কমিটির ৭ জনের হাতে থাকবে চীন।

গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত তাদের পাশ কাটিয়ে বাস্তবায়নের সুযোগ নেই। তবে এ কমিটির নতুন পাঁচজনের নাম ঘোষণা করা হলেও পাঁচ বছর পর শি জিনপিংয়ের উত্তরসূরি কে হবেন, তা জানানো হয়নি।

সাম্প্রতিক দশকগুলোতে চীনের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণার সময় প্রেসিডেন্টের এক বা একাধিক উত্তরসূরির নামও ঘোষণা করা হয়। কমিটির কার্যক্রম শুরু হওয়ার সময় থেকে তাদের পরিচয় জানানো হয়।

অনেক ধারণা করছিলেন, স্যান্ডিং কমিটিতে জায়গা পাবেন চকিংয়ের দলীয় প্রধান ও শি জিনপিংয়ের আস্থাভাজন চেন মিনার ও গুয়াংডুর দলীয় প্রধান হু চুনহুয়া। কিন্তু তারা কমিটিতে নেই। ফলে কে হবেন শি জিনপিংয়ের উত্তরসূরি, তা ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। কথা উঠছে, জিনপিং হয়তো আরো দীর্ঘসময় ক্ষমতায় থাকতে চাইছেন।

প্রতি পাঁচ বছর অন্তর চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস বা মহাসম্মেলন থেকে সেন্ট্রাল কমিটি, পলিটব্যুরো কমিটি ও স্ট্যান্ডিং পলিটব্যুরো কমিটি ঠিক করা হয়। কংগ্রেসে অংশ নেওয়া দলীয় প্রতিনিধিরা ভোটের মাধ্যমে এসব কমিটি নির্ধারণ করেন।

সেন্ট্রাল কমিটির সদস্য সংখ্যা ২০০ জন, যারা বছরে দুইবার বৈঠকে বসে। পলিটব্যুরো কমিটির সদস্য ২৫ জন। প্রয়োজনে তারা বৈঠক করে থাকে। আর সর্বোচ্চ ক্ষমতাধর কমিটি হলো স্ট্যান্ডিং কমিটি। এই কমিটির সাত সদস্যই চীনের মূল চালিকা শক্তি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026