শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবশেষে কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত শপিং মল ওয়েস্টগেটে জঙ্গি দখলদারিত্বের অবসান হয়েছে বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। চারদিনের এই লড়াইয়ে ছয় নিরাপত্তা রক্ষী ও পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট কেনিয়াত্তা। ৬১ জন বেসামরিক ব্যক্তির মৃত্যুও নিশ্চিত করেছেন তিনি।
কেনিয়াত্তা জানিয়েছেন, সুপরিকল্পিত এই হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ১১ জনকে নিরাপত্তা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোনো হামলাকারীকে জীবিত ধরা হয়েছে কিনা বা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্যান্য স্থান থেকে কতজনকে আটক করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানান নি। হামলাকারীদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক ও এক ব্রিটিশ নারী ছিলেন বলে প্রকাশিত সংবাদের সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি। হামলাকারীদের মধ্যে কোনো নারী থাকার কথা অস্বীকার করেছে আল শাবাব।
ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা ওয়েস্টগেট শপিং মলটি ইসরায়েলিদের তৈরি। এটিকে আফ্রিকার নতুন সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হতো। এই অত্যাধুনিক শপিং মলে চারদিনে ধরে গুলি, বিস্ফোরণ ও ব্যাপক রক্তপাতে হতবাক হয়ে গেছে কেনিয়াবাসী। এই অবস্থায় টেলিভিশনে কেনিয়ানরা কেনিয়াত্তার ঘোষণা শুনলেন, অভিযান শেষ হয়েছে। আমরা হামলাকারীদের পরাজিত করেছি। এরপর তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি।
অভিযানের মুখে অনবরত জিম্মিদের হত্যার হুমকি দিচ্ছিল জঙ্গিরা। তবে রেডক্রস ঘোষিত নিখোঁজ ৬৩ জনের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে কথা বলতে অস্বীকার করেন কেনীয় কর্মকর্তারা। এদের অনেকেই অভিযানের সময় জঙ্গিদের হাতে নিহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন তারা।