শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনে ব্রিটেনের রানি এলিজাবেথ বাণী পাঠাবেন। ওই বাণী পড়ে শোনাবেন সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বাণী পাঠ করবেন।
পদাধিকারবলে সিপিএর চিফ প্যাট্রন রানি এলিজাবেথ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইস প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। জানা যায়, আগামী মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ঢাকায় সিপিএর এ সম্মেলন হবে। সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২ দেশ ও ১৮০টি সিপিএ ব্রাঞ্চের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও অন্য প্রতিনিধিসহ প্রায় ৬০০ প্রতিনিধি অংশ নেবেন। ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনের মতো এটিও সফল করার জন্য কাজ শুরু করেছে বাংলাদেশের সংসদ ও সিপিএ।
জানা যায়, শিরীন শারমিন চৌধুরী সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পরই বাংলাদেশে এ সম্মেলনের বিষয়টি সামনে আসে। গত বছরের ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় সিপিএর ৬২তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু গুলশানের হলি আর্টিজান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার কারণে তা বন্ধ হয়ে যায়।