বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮

বৃটিশ রাজনীতিকদের যৌন কেলেঙ্কারি: গত রাতে তোমাকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখেছি

বৃটিশ রাজনীতিকদের যৌন কেলেঙ্কারি: গত রাতে তোমাকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখেছি

নিউজ ডেস্ক: ‘তোমাকে নিয়ে গত রাতে একটি স্বপ্ন দেখলাম। খুবই সুন্দর স্বপ্ন’। বৃটেনের বর্ষীয়ান রাজনীতিক লেবার দলের এমপি কেলভিন হপকিনস (৭৬) এক প্রেমপত্রে এ কথা লিখলেন আরেক নারী এমপি কেরি ম্যাক্যাথিকে। আরো অনুরোধ করলেন চিঠিখানা পড়ে তা যেন তিনি ময়লার ঝুড়িতে ফেলে দেন। এ ছাড়া লেবার দলের মাত্র ২৭ বছরের যুবতী কর্মী আভা ইটেমাদজাদেহ’কে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আভা বলেছেন, একবার তার সামনে নিজের স্পর্শকাতর অঙ্গ হাতাহাতি করেন কেভিন।

এমন সব যৌন হয়রানির অভিযোগে লেবার পার্টি থেকে ২রা নভেম্বর বরখাস্ত করা হয়েছে কেভিন হপকিনসকে। বৃটিশ রাজনীতিকদের বিরুদ্ধে যখন যৌন কেলেঙ্কারির কাহিনীর ঝাঁপ খুলে গেছে তখন এ রকম একের পর এক কাহিনী বেরিয়ে আসছে। এরই মধ্যে শুক্রবার লেবার দলের এমপি কেরি ম্যাক্যাথি প্রকাশ করে দিয়েছেন সব গোপন কথা। তিনি বলেছেন, গত ২০ বছর ধরে তাকে নানাভাবে যৌন হয়রানি করছেন হপকিনস। এর মধ্যে তাকে লিখেছেন প্রেমপত্র। সেগুলো তাকে ডাস্টবিনে ফেলে দেয়ার অনুরোধ করলেও তা জমা করে রেখেছেন কেরি ম্যাক্যাথি। তার মধ্যে রয়েছে এক গাদা প্রেমপত্র, জন্মদিন এবং বিভিন্ন উপলক্ষে দেয়া পোস্টকার্ড।

অভিযোগে বলা হয়েছে, ১৯৯৪ সালে এই প্রেমপত্র তার কাছে আসা শুরু হয়। তখন কেরি ছিলেন লেবার দলের একজন যুবতী কর্মী। একদিন তিনি এমপি হপকিনসের সঙ্গে দুপুরের খাবার খেতে বের হন। ভেবেছিলেন হপকিনস রাজনীতি নিয়ে হয়তো তার সঙ্গে আলোচনা করবেন। কিন্তু হায়! ঘটলো তার উল্টো।

বৃটিশ মিডিয়াগুলো লিখেছে, যৌন কেলেঙ্কারির অভিযোগে বৃটিশ ক্ষমতাসীন কনজার্ভেটিভ ও বিরোধী লেবার দলের বেশ কয়েকজন এমপির বিরুদ্ধে তদন্ত চলছে। তার মধ্যে কেরি ম্যাক্যাথির এ অভিযোগ যেন পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে। অশোভন আচরণের অভিযোগে সরকারের একজন হুইপ, কনজার্ভেটিভ এমপি ক্রিস পিঞ্চার রোববার পদত্যাগ করেছেন। এর আগে একজন নারী সাংবাদিক জুলিয়ার উরু বার বার স্পর্শ করার অভিযোগে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন। ওদিকে অসামঞ্জস্য আচরণের অভিযোগের তদন্ত চলছিল লেবার দলের রাজনীতিক কার্ল সার্জেন্টের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে লেবার দল থেকে বরখাস্ত করা হয়।

এরপর ওয়েলসের এই রাজনীতিকের মৃতদেহ পাওয়া যায় তার বাসায়। এতে তদন্ত স্থগিত হয়ে আছে। এতদিন মনে করা হয়েছিল, যৌন হয়রানির ‘ভাইরাস’ শুধু প্রধানমন্ত্রী তেরেসা মে’র কনজার্ভেটিভ দলকে আক্রান্ত করেছে। কিন্তু এখন সেই ভাইরাস সংক্রামকের মতো ছড়িয়ে পড়েছে বিরোধী দলনেতা জেরেমি করবিনের দলেও। কেলভিন হপকিনসের বিরুদ্ধে আনীত অভিযোগের ফলে টালমাটাল অবস্থায় রয়েছে বিরোধী লেবার দলও।

ওদিকে তার বিরুদ্ধে যৌন হয়রানির আরো অভিযোগ এনেছেন তার দলের ২৭ বছর বয়সী যুবতী আভা। তিনি এমন অভিযোগ জমা দিয়েছেন দলনেতা জেরেমি করবিনের অফিসে। এতে তিনি কেলভিন সম্পর্কে সাফ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আভার শরীরের সঙ্গে তার শরীরের স্পর্শকাতর অঙ্গ ঘষাঘষি করেছেন। গোপন প্রকাশে আভার এমন সাহস দেখে তার প্রশংসা করেছেন ম্যাক্যাথি।

তিনি বলেছেন, তার সাহস দেখে তিনিও গোপন ঝুঁড়ির ঢাকনা খুলে দিলেন। এতে তিনি সাংবাদিকদের কাছে দেখিয়েছেন তাকে লেখা কেলভিনের প্রেমপত্র। তাতে তিনি ম্যাক্যাথির প্রশংসায় লিখেছেন- ‘তুমি খুবই আকর্ষণী, বুদ্ধিমান ও কমনীয়’। দুই বছরেরও কম সময় আগে লেখা একটি প্রেমপত্রে কেলভিন লিখেছেন, তিনি আগের রাতে ম্যাক্যাথিকে নিয়ে চমৎকার একটি স্বপ্ন দেখেছেন।

এমপি কেরি ম্যাক্যাথি বলেন, ৭৬ বছর বয়সী ওই এমপির এমন প্রেম প্রস্তাবে ‘আমি কখনো সাড়া দিইনি। তাকে কোনোভাবে উৎসাহিতও করিনি আমি। যতটা সম্ভব তার থেকে আমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছি। আমি মনে করতাম, তার এমন আচরণ অগ্রহণযোগ্য- এটা তিনি বুঝতে পারেন। তার উপস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলতো। হতাশ হয়ে যেতাম। লুটন নর্থ থেকে নির্বাচিত এই এমপি আমার চেয়ে কমপক্ষে ২৪ বছরের বড়। তিনি যা করছিলেন তা ছিল অন্যায়।

উল্লেখ্য, বৃটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ১৯৯৭ সালে যখন প্রধানমন্ত্রী হন, সেই একই সময়ে এমপি নির্বাচিত হন কেলভিন হপকিনস। দুই দশক ধরে তিনি পার্লামেন্টে প্রভাব বিস্তার করেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন বিরোধী। লেবার দলে প্রকাশ্যে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন হাতেগোনা এমপিদের মধ্যে তিনি অন্যতম। বরখাস্ত হওয়ার আগে তিনি বহু কমিটিতে দায়িত্ব পালন করেছেন। তবে তাকে কখনো মন্ত্রী বানানো হয়নি। যৌন কেলেঙ্কারির অভিযোগে তাকে লেবার পার্টি বরখাস্ত করেছে ২রা নভেম্বর। অন্যদিকে বৃস্টল ইস্ট থেকে নির্বাচিত এমপি কেরি ম্যাক্যাথি।

তিনি বলেছেন, গত শুক্রবার এ নিয়ে তিনি কথা বলেছেন চিপ হুইপ নিক ব্রাউনের সঙ্গে। সোমবার গিয়েছিলেন জেরেমি করবিনের অফিসে। সেখান থেকে প্রেরণা পেয়ে তিনি গোপন কথা ফাঁস করে দিয়েছেন। ওদিকে জবাবে একটি বিবৃতি দিয়েছেন কেলভিন হপকিনস।

এতে তিনি বলেছেন, কেরি ম্যাক্যাথির এমন অভিযোগ তাকে ব্যক্তিগভাবে ভয়াবহ রকম আহত করেছে। তিনি বিশৃঙ্খল অবস্থায় পড়েছেন। তার বিরুদ্ধে এ অভিযোগ এমন একজন এনেছেন, যাকে তিনি একজন ভালো বন্ধু বলে ভাবতেন। আমি আশা করেছিলাম পার্লামেন্টারি একজন সহযোগী যেকোনো অভিযোগ আনবেন স্বাভাবিক চ্যানেলের মাধ্যমে, যাতে আমি যথাযথ প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে পারি। আত্মপক্ষ সমর্থনের সুষ্ঠু সুযোগ পাই, যদি তা প্রয়োজন হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026