বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৬

সৌদি পার্জ: সম্পদের বিনিময়ে মুক্তির চুক্তি

সৌদি পার্জ: সম্পদের বিনিময়ে মুক্তির চুক্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানে আটক হওয়া সৌদি প্রিন্সদের মুক্তি দেয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে একটি চুক্তি করার কথাবার্তা চলছে। চুক্তি অনুসারে, বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের সম্পদ ও নগদ অর্থ সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চুক্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর আটক হওয়া একজন ব্যবসায়ী তার অ্যাকাউন্ট থেকে কোটি কোটি সৌদি রিয়াল উঠিয়েছেন।

এছাড়া আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ৪ বিলিয়ন রিয়াল সমমূল্যের শেয়ার বিক্রি করতে রাজি হয়েছেন। দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, সৌদি সরকার আটককৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে চলতি সপ্তাহের শুরুতে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এই চুক্তির বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয় নি। চুক্তির বিষয়টি অভ্যন্তরীণ হওয়ার কারণে সূত্র তার পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। সংশ্লিষ্ট তৃতীয় সূত্র জানিয়েছে, আটককৃতরা যদি অসৎ উপায়ে উপার্জিত অর্থ স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে, তাহলে রিটজ কার্লটন হোটেলে বন্দি থাকা সময়টুকুই হবে তাদের শাস্তি।

এদিকে, ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার দুর্নীতিতে সন্দেহভাজন ব্যক্তিদের ৭০ শতাংশ সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে নেয়ার কথা ভাবছে।

সৌদি আরব বলেছে, দুর্নীতিবিরোধী অভিযানে ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে অন্তত ১০০ বিলিয়ন ডলার দুর্নীতির হিসাব পাওয়া গেছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযানে কয়েক ডজন প্রিন্স, ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দেশটির প্রসিদ্ধ ব্যবসায়ী ও প্রভাবশালী প্রিন্স আলওয়ালিদ বিন তালালও রয়েছেন।

ধারণা করা হচ্ছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্ষমতাকে আরো পাকাপোক্ত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026