রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭

যৌন হয়রানির অভিযোগ ধনকুবের রিচার্ড ব্রানসনের বিরুদ্ধে

যৌন হয়রানির অভিযোগ ধনকুবের রিচার্ড ব্রানসনের বিরুদ্ধে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন আন্তনিয়া জেনাই নামের এক নারী। তবে অভিযোগ সম্পর্কে ব্রানসন বলেছেন, যা বলা হচ্ছে তেমন কিছুই তার মনে নেই। উল্লেখ্য, ব্রানসন একজন ইংলিশ ব্যবসায়ী, বিনিয়োগকারী। তাকে ধনকুবের হিসেবেও আখ্যায়িত করা হয়। তিনি প্রতিষ্ঠা করেছেন বিখ্যাত ভার্জিন গ্রুপ, যা চার শতাধিক কোম্পানি নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

আন্তনিয়া জেনাই নামের ওই নারী অভিযোগ করেছেন, ২০১০ সালে রিচার্ডের ক্যারিবিয়ান নিকার দ্বীপের বাড়িতে একটি অনুষ্ঠানে তিনি গানের দলের সঙ্গে অতিথি হিসেবে যান। এ সময় এক পর্যায়ে রিচার্ড তার সঙ্গে অশোভন আচরণ করেন বলে ব্রিটিশ পত্রিকা দ্য সানকে জানিয়েছেন আন্তনিয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, রিচার্ডের হঠাৎ এমন অসৌজন্যমূলক আচরণে শুধু আমি নই, আশপাশের সবাই হতবাক হয়ে যায়। আমার দলের সবাই আমাকে বলছিলো, কেন আমি ওই সময় কোন প্রতিক্রিয়া দেখাই নি! কারণ আমি সাধারণত উচ্চকন্ঠি এবং প্রতিবাদী। তিনি আরো বলেন, আমি আসলে এতোটাই অবাক হয়ে গিয়েছিলাম যে, কোনকিছুই মুখ দিয়ে বের হচ্ছিলো না।

এ অভিযোগের প্রতিক্রিয়ায় রিচার্ড ব্রানসনের কো¤পানি ভার্জিন এর এক মুখপাত্র বলেছেন, ওই দিন ওই অনুষ্ঠানে এমন অশোভন কিছু ঘটেছে বলে রিচার্ড বা অনুষ্ঠানে উপস্থিত তার পরিবার এবং অতিথিবৃন্দ কারোই মনে পড়ছে না। রিচার্ড কারো সঙ্গেই অশোভন আচরণ করেন না। তারপরেও ওই অনুষ্ঠানে কেউ তার ব্যবহারে কষ্ট পেলে তিনি ক্ষমা চেয়েছেন বলেও উল্লেখ করেন ওই মুখপাত্র। উল্লেখ্য, ১৬ই অক্টোবর আন্তনিয়া জেনাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মি টু হ্যাসট্যাগ দিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে, ২০১০ সালে রিচার্ড ব্রানসন তাকে যৌন হয়রান করেছে।

তিনি লেখেন, ওই দিন রিচার্ড বার বার আমার বুক দেখাতে বলেছিলেন। আমি সেটাকে নিছক কৌতুক হিসেবে ধরে নিয়েছিলাম। কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে যখন সবাই বিদায় নিচ্ছিলো, তখন তিনি হঠাৎ আমার বুকে নিজের মাথা চেপে ধরেন। এতে আমি একদম হতভম্ব হয়ে পড়ি। হতভম্ব হয়ে পড়ে উপস্থিত সবাই-ই। তবে কেউ-ই ওই ঘটনার প্রতিবাদ করে নি।

এ প্রসঙ্গে দ্য সানকে আন্তনিয়া বলেন, অনুষ্ঠানে আমার সঙ্গে আমার গানের দলের বস এবং তার বাবাও উপস্থিত ছিলেন। ওই ঘটনার পর পর আমি এবং আমার বস উপস্থিত অতিথিদের হতভম্ব অবস্থার দৃশ্য ভিডিও করে রাখি। প্রসঙ্গত, আন্তনিয়ার এমন অভিযোগের পরে তার বস জস স্টোনের বাবা- যিনি ঘটনার দিন অনুষ্ঠানে ছিলেন- তিনি একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি এমন কোনকিছুর কথা উল্লেখ করেন নি। এ প্রসঙ্গে জস স্টোনের মতামত জানতে চাওয়া হলে তার একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

উল্লেখ্য, হলিউড মোঘল হার্ভে উইন্সটেনের যৌন কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবার পর থেকে একের পর এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অতীতের যৌন হেনস্তার কথা তুলে ধরছেন। তারা মি টু হ্যাস্ট্যাগ দিয়ে তাদের সঙ্গে অতীতে অশোভন আচরণকারীদের মুখোশ খুলে দিচ্ছেন। উল্লেখ্য, অতীতেও রিচার্ড ব্রানসনের বিরুদ্ধে যৌন হয়রানিমূলক আচরণ করার অভিযোগ উঠেছিলো। তিনি এক ফর্মুলা ওয়ান প্রতিযোগীর স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন। এ প্রসঙ্গে ওই ফর্মুলা ওয়ান তারকা জেন্সন বাটন তার আত্মজীবনীতে এ কথা উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, আমার স্ত্রী জেসিকা মিছিবাতার সঙ্গে মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করেন রিচার্ড। এ সময় তিনি আমার স্ত্রীর মুখে হাত ছোঁয়ান। তবে এ ঘটনায় রিচার্ড পরে অনুতপ্ত হয়ে ক্ষমাপ্রার্থনা করেন। এতে লজ্জিত হয়ে এরপরে তিনি কয়েক মাস মদ পান করেন নি বলেও উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে গতমাসে প্রকাশিত নিজের আত্মজীবনীতে রিচার্ড ব্রানসন লিখেছেন, এই ঘটনায় তিনি যারপরনাই লজ্জিত হন। তিনি ওই ফর্মুলা ওয়ান প্রতিযোগী এবং তার স্ত্রীর কাছে নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

উলেখ্য, রিচার্ড ব্রানসনের বিরুদ্ধে এখন এতো বছর পরে এসে এ ধরণের অভিযোগ তোলার জন্যে অনেকেই আন্তনিয়াকে সুযোগসন্ধানী বলে আখ্যায়িত করছে বলে নিজের ইন্সটাগ্রামে জানিয়েছেন ওই নারী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মোটেও কোন ধরণের সুযোগ খুঁজছি না। আমি একজন দৃঢ় চিত্তের নারী। এ ঘটনার প্রতিবাদ করে আমি শুধু নিশ্চিত করতে চাইছি যেন কোন দুর্বল চিত্তের নারী এ ধরণের আচরণের মুখোমুখি হলে আমার এ বিবৃতি থেকে প্রতিবাদী হবার সাহস পায়।

তিনি লিখেন, এখন এসে আমি কেন এ ধরণের অভিযোগ তুলছি তা না জিজ্ঞেস করে সচেতন মহলের উচিত অভিযুক্তকে জিজ্ঞেস করা যে, তখন তিনি (রিচার্ড) কি করে এ ধরণের কাজ করার সাহস করেছিলেন!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026