সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬

এক হলো আনুশকা-বিরাটের চার হাত: সাতপাকে বাঁধা পড়লেন আনুশকা-বিরাট

এক হলো আনুশকা-বিরাটের চার হাত: সাতপাকে বাঁধা পড়লেন আনুশকা-বিরাট

বিনোদন ডেস্ক: ‘আজ আমরা নিজেদের কথা দিয়েছি, ভালোবাসায় বাঁধা থাকবো চিরদিন। আপনাদের খবরটা (বিয়ে) জানাতে পেরে আমাদের খুব ভালো লাগছে। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থন এই দিনটাকে আরও বিশেষ করে তুলেছে। আমাদের এই পথচলার অংশ হওয়ার জন্য ধন্যবাদ’— সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি।

সোমবার রাতে এই টুইট দেখে ভারতীয় শোবিজ নির্ভর ওয়েবসাইটগুলোতে প্রকাশ হতে থাকে ‘বিয়ে করলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি’, ‘এক হলো আনুশকা-বিরাটের চার হাত’, ‘সাতপাকে বাঁধা পড়লেন আনুশকা-বিরাট’; এমন শিরোনামের খবর। জল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেটারকেই জীবনের নায়ক করেছেন আনুশকা। একইভাবে তার সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন বিরাট। দুই ভুবনের দুই বাসিন্দা মিলে গেলেন একই মোহনায়।

ইতালির রোম থেকে ৩০০ কিলোমিটার দূরে তাস্কানির কাছে বোর্গো ফিনোচ্চিয়েতো রিসোর্টে হিন্দু রীতি মেনে হয়েছে আনুশকা-বিরাটের বিয়ে। গাঁটছড়া বাঁধার পর সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একইসঙ্গে বিয়ের ঘোষণা দেন তারা।

বর-কনে সেজেছিলেন ট্র্যাডিশনাল পোশাকে। এখানে ছিলেন শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা। তবে বলিউড বা ক্রিকেটাঙ্গনের কাউকেই দেখা যায়নি।

আগামী ২১ ডিসেম্বর বিরাটের শহর নয়াদিল্লিতে আত্মীয়স্বজনদের জন্য জাঁকালো অনুষ্ঠানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ের পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে ধুমধাম করে। এখানেই হাজির থাকবেন বলিউড ও ভারতের ক্রীড়াঙ্গনের তারকা অতিথিরা।

ইতোমধ্যে টুইটারে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শ্রীদেবী, প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর, ফারহান আখতার, শহিদ কাপুর, অভিষেক বচ্চন, সোনম কাপুর, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, পরিণীতি চোপড়া, অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, রিচা চাড্ডা, রিতেশ দেশমুখ, হুমা কোরেশি, নেহা ধুপিয়া, করণ জোহর, কপিল শর্মা।

বিয়ের জন্য তাস্কানিতে তিন দিনের জন্য চারটি বিলাসবহুল অট্টালিকা ভাড়া নিয়েছেন ২৯ বছর বয়সী আনুশকা ও বিরাট। এর মধ্যে রয়েছে ২২টি শোবার ঘর। এগুলোর মোট ভাড়া ৩৪ কোটি ৮৭ লাখ রুপি!

আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতের ক্রিকেট দল। তাই ধারণা করা হচ্ছে, নবদম্পতি মধুচন্দ্রিমা উদযাপন করবেন ওই দেশেই।

গত ৭ ডিসেম্বর বাবা অজয় কুমার, মা অসীমা ও বড় ভাই কর্নেশকে নিয়ে মুম্বাই থেকে ইতালির উদ্দেশে রওনা দেন আনুশকা। একই দেশে যাওয়ার জন্য বিরাট যাত্রা শুরু করেন দিল্লি থেকে। তখনই শোনা গিয়েছিল, ইউরোপের দেশটিতেই তাদের বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেই গুঞ্জনই হয়ে গেলো সত্যি।

আনুশকা ও বিরাটের প্রথম সামনাসামনি দেখা হয়েছিল ২০১৩ সালে। দু’জনই একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন তখন। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে সখ্য। পরিণয়ের মধ্য দিয়ে দু’জনের মন দেওয়া-নেওয়ার সফল সমাপ্তি হলো। ভারতে ফিরে মুম্বাইয়ের ওরলিতে কেনা নতুন অ্যাপার্টমেন্টে সংসার সাজাবেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026