শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪

আইনগতভাবে নিজ কর্মস্থলে ফিরতে পারবেন না সাবেক মেয়র লুৎফুর রহমান

আইনগতভাবে নিজ কর্মস্থলে ফিরতে পারবেন না সাবেক মেয়র লুৎফুর রহমান

শীর্ষবিন্দু নিউজ: এক সময়ের প্রচুর ক্ষমতাধর ব্যাক্তি টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুৎফুর রহমান আজ এক ঘরে হয়ে পড়েছেন। অনেক পরিচিত লোককে এখন আর তার সাথে দেখা যায় না। বিভিন্ন সামজিক ও পারিবারিক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।

এবার আইনগতভাবে নিজ কর্মস্থলে একজন সলিসিটার হিসেবে কাজ করার বৈধতা হারালেন সাবেক এই মেয়র। সলিসিটর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে তিন দিনের শুনানি শেষে বুধবার সলিসিটর হিসাবে সাবেক মেয়র প্র্যাক্টিস করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাইব্যুনাল।

একই সঙ্গে ট্রাইব্যুনালের খরচ বাবদ ৮৬ হাজার ৪শ পাউন্ড পরিশোধ করতে হবে সাবেক মেয়রকে। দ্যা ল সোসাইটি গেজেটে প্রকাশিত এক সংবাদে এসব তথ্য জানা গেছে।

দুর্নীতি ও বেআইনী বিভিন্ন কর্মকান্ডের অভিযোগে ইলেকশন কোর্ট তাকে ২০১৫ সালে নির্বাহী মেয়রের পদ থেকে অপসারন করে। উত্থাপিত অভিযোগগুলো বিবেচনায় নিয়ে লুৎফুর রহমানের বিরদ্ধে ব্যবস্থা নিতে সেই সময় দ্যা সলিসিটর রেগুলেশন অথোরিটির (এসআরএ) প্রতি আহ্বান জানিয়েছিল কোর্ট। এই রায়ের উপর ভিত্তি করে পরবর্তীতে দ্যা সলিসিটর রেগুলেশন অথোরিটি সাবেক মেয়র লুৎফুর রহমানকে শপথ অনুযায়ী আইনের সেবক হিসেবে ভুমিকা পালনে ব্যর্থতাসহ নানা অভিযোগে অভিযুক্ত করে।

এসআরএ-এর অভিযোগের বিরুদ্ধে সাবেক মেয়র লুৎফুর রহমান রিভিউ আবেদন করেছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে সোমবার থেকে শুরু হয়েছিল সলিসিটর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল। তিন সদস্যের ট্রাইব্যুনালে এসআরএ- এর পক্ষ থেকে উত্থাপিত সব অভিযোগের জন্য লুৎফুর রহমানকে দায়ী করা হয়।

শুনানিতে লুৎফুর রহমান নিজে বা তার কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে যে রায়ের উপর ভিত্তি করে পারিবারিক আইন বিশেষজ্ঞ লুৎফুর রহমানের আইনজীবি পেশা বা সলিসিটরের লাইসেন্স অপসারন করা হয়েছে ইলেকশন কোর্টের সেই মূল রায়টি বিচার বিভাগীয় রিভিউর অপেক্ষায় আছে।

উল্লেখ্য, সাবেক মেয়র লুৎফুর রহমান প্রায় ২০ বছর আগে আইনী পেশায় জড়িত হন। ২০১০ সালে টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র নির্বাচিত হবার আগে প্রায় ৮ বছর তিনি ইস্ট লন্ডনের ম্যাককারম্যাকস সলিসিটর ফার্মের পার্টনার ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026