শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় দেশটির দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সিংগাইর উপজেলার নীলটেক গ্রামের মো. গোলাম নবীর ছেলে জামাল (৩০)। তাৎক্ষনিক বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত জামালের দুলাভাই ফরিদুল ইসলাম জানান, জামাল ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যায়। সেখানে নিজস্ব মাইক্রোবাস ভাড়ায় যাত্রী আনা-নেয়া করত। ওইদিন রাতে স্থানীয় বাংলাদেশি আরও ৪ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারযোগে সৌদির রিয়াদ থেকে দাম্মামের উদ্দেশে রওনা হয়।
দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় পৌঁছার পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জামালসহ আরও ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।