মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩০

মন্ত্রিসভায় গ্রামীণব্যাংক আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিসভায় গ্রামীণব্যাংক আইনের খসড়া অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ: বৃহস্পতিবার মন্ত্রিসভায় ‘গ্রামীণব্যাংক আইন ২০১৩’ এর খসড়া অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংক্রান্ত এই খসড়া আইনটি অনুমোদিত হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইঞা সাংবাদিকদের জানান, এখন থেকে গ্রামীণব্যাংকের যাবতীয় কাজের তদারক করবে বাংলাদেশ ব্যাংক। তবে গ্রামীণব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধীনে চলে গেছে এটা বলা যাবে না। এখন থেকে গ্রামীণব্যাংক শুধু সরকারকেই নয়, বাংলাদেশ ব্যাংকের কাছেও প্রতিবেদন দাখিল করবে। প্রস্তাবিত খসড়া আইনে আরও বলা হয়েছে, গ্রামীণব্যাংকের অনুমোদন ছাড়া কোনো বিজ্ঞাপন বা অন্য কোথাও কেউ গ্রামীণব্যাংকের নাম ব্যবহার করতে পারবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, গ্রামীণব্যাংকের এমডি নিয়ে এ আইনে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গ্রামীণব্যাংকের বিভিন্ন আর্থিক বিষয় দেখভাল করার দায়িত্ব থাকবে বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে গ্রামীণব্যাংক নিয়ে কেউ যেন ক্ষমতার অপপ্রয়োগ করতে না পারে তা নিশ্চিত করবে সরকার। তিনি বলেন, একটি অধ্যাদেশের মাধ্যমে ১৯৮৩ সালে গঠিত হয় গ্রামীণ ব্যাংক। এই আইনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পূর্ণাঙ্গ আইনি কাঠামো দেওয়া হলো।  তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তদারকি করতে পারে। সুতরাং গ্রামীণব্যাংকের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026