শীর্ষবিন্দু নিউজ: রাষ্ট্রায়ত্ত বাণিজ্য সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে সীমিত আকারে রপ্তানি বাণিজ্য করার অনুমতির বিধান রেখে তৈরি এ বিষয়ে সংশোধিত আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা ‘দি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০১৩’ এর খসড়ায় এ অনুমোদন দেয়।
সংশোধিত আইনের খসড়ায় টিসিবির অনুমোদিত মূলধন ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা করাসহ টিসিবির কাজের ক্ষেত্র সম্প্রসারিত করা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন পাশ হলে টিসিবি সীমিত আকারে রপ্তানি বাণিজ্য করতে পারবে। খসড়ায় টিসিবির কার্যাবলীয় মধ্যে আপদকালীন মজুদ সৃষ্টি, সংরক্ষণ ও বিতরণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
নতুন আইনে বোর্ড সদস্য সংখ্যা পাঁচজন করা হয়েছে। এর মধ্যে একজন চেয়ারম্যান, দুইজন পরিচালক ও দুইজন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা (খণ্ডকালীন) থাকবেন। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবি যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সেজন্য আইন সংশোধন করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সচিব বলেন, নতুন আইনে সরকানি নির্দেশে অন্যান্য পণ্যও সরবরাহের ব্যবস্থা করতে পারবে টিবিসি। টিসিবি পরিচালনা পর্ষদকে আরো কার্যকরী ও শক্তিশালী করতে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে বোর্ডে একজন চেয়ারম্যান ও একজন পরিচালক রয়েছে।