শীর্ষবিন্দু নিউজ: বৃটেনের শহর পাহারায় এবার মিনি পুলিশ মোতায়েন করা হচ্ছে। দেশটির উত্তর–পূর্বাঞ্চলের শহর ডারহামে এমন একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ৯ থেকে ১১ বছরের ছোট শিশুরাই মূলত মিনি পুলিশের দায়িত্ব পালন করছে।
ডারহাম শহরের মোটরচালকদের চলাচল ও কেউ দ্রুত মোটর চালালে তাকে সনাক্ত করছে তারা। ডারহাম কনস্টাবুলারি প্রকল্পটি শুরু করেছে। পুলিশের কাজের ব্যাপারে ইতিবাচক ধারণা দিতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ডেইলি মেইল জানায়, ডারহাম কনস্টাবুলারি ইতিমধ্যে অর্থনৈতিকভাবে বঞ্চিত এলাকার বেশ কিছু ছোট ছাত্রছাত্রীকে মিনি পুলিশের ইউনিফর্ম দিয়েছে। শহরের বিশেষ বিশেষ গ্রামগুলোতেও তাদের ডাকা হচ্ছে।
এসব মিনি পুলিশ ভয়াবহ সংঘটিত অপরাধ ও দলবদ্ধ অপরাধ ঠেকাতে শিক্ষামূলক কর্মসূচি চালাতেও সহায়তা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
মিনি পুলিশের কয়েকটি দল ইতিমধ্যে তাদের দায়িত্ব পালন শুরু করেছে। পরীক্ষামূলকভাবে এদের কার্যক্রম মূল্যায়নের জন্য ব্রিটিশি পুলিশের অধীনে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় আট হাজার পাউন্ড অর্থ বরাদ্দ দিয়েছে।
মিনি পুলিশের জন্য নরফোক শহরের প্রায় ১৫০ জন কমিউনিটি পুলিশকেও চাকরিচ্যুত করা হয়েছে।
তবে নতুন প্রকল্প নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। কর্তৃপক্ষের বিরুদ্ধে শিশু–কিশোরদের ব্যবহারের অভিযোগ করছেন কেউ কেউ।