শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভেবে দেখুন, যদি চৈত্র মাসে তীব্র দাবদাহের পরিবর্তে হঠাৎ করেই হিমশীতল ঠান্ডা আবহাওয়া শুরু হয় এবং তা টানা ১০০ বছর পর্যন্ত স্থায়ী থাকে!
আমাদের ষড়ঋতুর দেশে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়শই আমাদের বিরূপ পরিস্থিতিতে পড়তে হয়। তবে তীব্র জলবায়ু পরিবর্তনের মধ্যে পরেও টিকে ছিল ব্রিটেনের ১১ হাজার বছর আগের পূর্ব পুরুষেরা।
সোমবার ‘ন্যাচার, ইকোলোজি ও ইভোল্যুশন’ নামের একটি গবেষণা গ্রন্থে এমন তথ্য উঠে আসে। ইংল্যান্ডের নর্থ ওয়ার্কশায়ারে ‘ষ্টার কার’ নামের একটি পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। নিদর্শনটি মধ্য পাথর যুগের সময়কার বলে চিহ্নিত করা হয়। এই নিদর্শন থেকেই জানা যায় ১১ হাজার বছর পূর্বে এক আকস্মিক তাপমাত্রা পরিবর্তনের ঘটনা ঘটেছিলো যা পরবর্তী ১০০ বছর পর্যন্ত স্থায়ী ছিল।
আবহাওয়া বিশেষজ্ঞরা এ প্রসঙ্গে বলেন, আমরা এখন যেমন স্থিতিশীল আবহাওয়া দেখছি সেসময় বিষয়টি মোটেও এরকম ছিল না। সেসময় প্রায়শই আকস্মিক আবহাওয়া পরিবর্তনের কারণে গণহারে মৃত্যু ছিল একটি স্বাভাবিক ঘটনা। তাছাড়া আবহাওয়ার কারণে পুরো জনগোষ্ঠী এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য হতো।
৮ হাজার ২০০ বছর আগে এরকম আরেকটি আকস্মিক তাপমাত্রা পরিবর্তনের ঘটনা ঘটেছিলো যাও প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে স্থায়ী ছিল। বর্তমান গ্রিনল্যান্ড ও উত্তর ইউরোপের ‘আইস কোর’ পরীক্ষা করে এমন তথ্য নিশ্চিত করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা।