রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭

নার্ভ এজেন্ট: রাশিয়ার সাথে যৌথতদন্ত প্রস্তাব নাকচ

নার্ভ এজেন্ট: রাশিয়ার সাথে যৌথতদন্ত প্রস্তাব নাকচ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর রাসায়নিক নার্ভ এজেন্ট হামলার ঘটনা যৌথতদন্তে রাশিয়ার প্রস্তাব নাকচ করেছে অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনস-ওপিসিডব্লিউ।

বুধবার সংস্থাটির এক জরুরি বৈঠকে তোলা হলে, সদস্যদের ভোটে অনুনোমোদিত হওয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

ওপিসিডব্লিউ‘র রুশ প্রতিনিধি আলেকজান্দার শুলগিন নিশ্চিত করে জানান, তাদের প্রস্তাবটি গৃহীত হয়নি। যুক্তরাষ্ট্রসহ ইইউ সদস্যদেশগুলো বিরোধিতা করলেও, যৌথতদন্তের প্রস্তাবটিতে তাদের সমর্থন জানিয়েছে চীন, আজারবাইজান, সুদান, আলজেরিয়া ও ইরান।

এর আগে, ব্রিটেনের মাটিতে নার্ভ এজেন্ট হামলার ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা রয়েছে, যুক্তরাজ্যের এমন অভিযোগ নাকচ করে দিয়ে ওপিসিডব্লিউ’র নীতি-নির্ধারণীসভায় ব্রিটেনের সাথে বিষয়টির যৌথতদন্তের প্রস্তাব পেশ করে রাশিয়া।

সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্যের সিকিউরিটি সার্ভিস বিশ্বাস করে, নার্ভ এজেন্ট ‘নোভিচক’ তৈরির রুশ পরীক্ষাগারের সন্ধান ইতোমধ্যেই পেয়ে গেছে তারা। তদন্তে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, কঠোর গোপনীয়তার মধ্যে ওই স্থানটির তদন্ত চলছে।

এদিকে, রাশিয়ার যৌথতদন্তের প্রস্তাবকে ‘দুরভিসন্ধিমূলক প্রচেষ্টা’ বলে দাবি করেছে ব্রিটেন। পাশাপাশি একে মিথ্যাতথ্য প্রচারের আরেকটি কৌশল বলেও মনে করে দেশটি।

অন্যদিকে, নার্ভ এজেন্ট হামলার ঘটনায় যুক্তরাজ্যের অভিযোগের বিষয়ে আলোচনা করতে, বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি সভা আহ্বান জানিয়েছেন জাতিসংঘের রুশ প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026