রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে মুক্তামনি

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে মুক্তামনি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রক্তনালীতে টিউমার আক্রান্ত সাতক্ষীরার বহুল আলোচিত মুক্তামনি অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেছে।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে মুক্তামনি তার নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মারা যায়।মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন ইত্তেফাক অনলাইনকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কামারবায়সা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে ১৩ বছরের মুক্তামনির দেহের দেড় বছর বয়সে একটি মার্বেলের  মতো গোটা দেখা যায়। সেটি পরে বড় আকার ধারণ করে। কয়েক বছর আগে থেকে তার আক্রান্ত ডান হাতটি একটি গাছের ডালের আকার ধারণ করে পচে উঠতে থাকে।

এক পর্যায়ে ২০১৭ সালের জুলাই মাসের প্রথম দিকে বিভিন্ন গণ মাধ্যমে মুক্তামনির বিরল রোগের কথা প্রচারিত হলে সরকারি উদ্যোগে তাকে ওই বছরে ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দফা অস্ত্রোপচার করে অপসারণ করা হয় তার হাতের অতিরিক্ত মাংস পিণ্ড। কয়েক দফা অস্ত্রোপচার শেষে টানা ছয় মাসের চিকিৎসায় খানিকটা  উন্নতি হওয়ায় গত বছরের ২২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক মাসের ছুটিতে বাড়ি আনা হয় মুক্তামনির। এরপর আর ঢামেকে যেতে রাজি হয়নি মুক্তামনি।

বাড়িতে আসার পর থেকে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। তার দেহে নতুন করে পচন ধরে। পোকা জন্মায়। এমনকি  রক্তও ঝরে। দিনে একবার করে তার ড্রেসিং করা হতো।

এর মধ্যে বেশ কয়েকবার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন ও ডাক্তার শারমিন সুমির সঙ্গে যোগাযোগ করেছেন মুক্তা মনির বাবা ইব্রাহিম হোসেন। রোজার পর তাকে আবারও ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়ার জন্য ডা. সামন্ত লাল সেন মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন পরামর্শও দিয়েছিলেন।

মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন জানান, আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে মুক্তা মারা যান। মৃত্যুর আধা ঘণ্টা আগেও পানি চেয়েছিল মুক্তামনি। তারপর ঘুমিয়ে পড়েছিল। এটাই শেষ ঘুম।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল সে। তার হাত অনেক ফুলে দুর্গন্ধ বের হচ্ছিলো। কথাও বলতে পারছিলো না সে।

বাদ আছর মুক্তামনির জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তার বাবা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026