বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩

উত্তর কোরিয়ায় মার্কিন প্রতিনিধি দল

উত্তর কোরিয়ায় মার্কিন প্রতিনিধি দল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে প্রস্তাবিত বৈঠকের প্রস্তুতি নিতে রোববার উত্তর কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি টিম।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন সীমান্তে বেসামরিককৃত এলাকায় পানমুনজোম গ্রামে। ওই গ্রামটি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে অবস্থিত। দুই কোরিয়ার সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি সব সময় সেখানে। নিজের টিম উত্তর কোরিয়ায় রয়েছে এ কথা জানিয়ে টুইট করেছেন ডনাল্ড ট্রাম্প।

তিনি লিখেছেন, কিম জং উন ও আমার মধ্যে অনুষ্ঠেয় সামিটের আয়োজন সম্পন্ন করতে উত্তর কোরিয়ায় পৌঁছেছে আমার টিম।

এর মধ্য দিয়ে ট্রাম্পের পক্ষ থেকে প্রথম নিশ্চিত করা হলো যে, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন।

তিনি আরো বলেছেন, আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে, উত্তর কোরিয়ার চমৎকার কর্মদক্ষতা আছে। এ দেশটি একদিন মহত এক অর্থনৈতিক ও আর্থিক জাতিতে পরিণত হবে। এ নিয়ে আমার সঙ্গে একমত পোষণ করেছেন কিম জং উন। আসলেই এমনটা ঘটবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওদিকে সিঙ্গাপুরের উদ্দেশে টিমটির যাত্রা শুরুর আগে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, আগেভাগেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটি টিম যাত্রা শুরু করেছে। ওই সিঙ্গাপুরেই আগামী ১২ই জুন ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে রোববার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেছেন, শনিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার আকস্মিক বৈঠক হয়েছে। তাতে কিম জং তার সঙ্গে একমত পোষণ করেছেন যে, কোরিয়া-যুক্তরাষ্ট্র সামিট হতেই হবে।

উল্লেখ্য, কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সামিট নিয়ে নানা ঘটনা। রয়েছে কূটনৈতিক উত্থান-পতন। বিশেষত আদৌ কি এমন সম্মেলন হবে কিনা তা নিয়ে ছিল দোলাচল। এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প এ সম্মেলন বাতিল হতে পারে বলে ঘোষণা দেন। কিন্তু সর্বশেষ দফায় তিনি ঘুরে দাঁড়িয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026