শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অবৈধ শ্রমিকদের আটক করার প্রস্তুতি সম্পন্ন করছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। সেদেশে অবৈধ শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমতার বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে ৩রা নভেম্বর। এরপরই শুরু হবে এসব শ্রমিকের বিরুদ্ধে অভিযান। শুধু তারাই নন, তাদেরকে যারা কাজে নিয়োজিত করেছেন তাদেরও শাস্তি দেয়া হবে।
গতকাল এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ জানায়, এরই মধ্যে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিকল্পনা সম্পন্ন করেছে যে, কিভাবে তারা এই অভিযান পরিচালনা করবে।
উপ- শ্রমমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আবুথনাইন বলেন, অভিযান পরিচালনার জন্য তারা কতগুলো টিম গঠন করেছেন। প্রতিটি টিমে থাকবে দু’জন দক্ষ ইন্সপেক্টর। তাদের সঙ্গে থাকবে নিরাপত্তা বাহিনীর লোকজন। রাস্তা থেকে অবৈধ লোকদের আটক করার ক্ষমতা এরই মধ্যে দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। সাধারণ ক্ষমার পর কিভাবে শ্রমিকদের ধরা ও তাদের শাস্তি দেয়ার কাজ পরিচালনা করা হবে সে জন্য একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।