শীর্ষবিন্দু নিউজ: সিলেট সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। গত ১৯ দিনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা অবিরাম প্রচার চালিয়েছেন। প্রার্থীরা ভোটারদের দিয়েছেন একরাশ প্রতিশ্রুতি। পরস্পরের প্রতি কমবেশি দোষারোপও করেছেন অনেক প্রার্থী।
উৎসবের আমেজের সাথে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। সব শেষে এখন ভোটের অপেক্ষা। নির্বাচনের সব আয়োজন চূড়ান্ত। ভোট গ্রহণের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। আজ শনিবার মাঝরাতে থামে আনুষ্ঠানিক প্রচারণা।
নির্বাচন নিয়ে তিন ওয়ার্ড মিলে ধারাবাহিক প্রতিবেদনে আজ তোলে ধরা হলো সিলেট সিটি করপোরেশনের আওতাভুক্ত ২২নং ওয়ার্ড, ২৩নং ওয়ার্ড ও ২৪নং ওয়ার্ডের নির্বাচনী কার্যকলাপ।
২২নং ওয়ার্ড: সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন যে নগরীতে ঢেউ তুলেছে তা নগরীর প্রতিটি পাড়া-মহল্লা, অলিগলিই বলে দিচ্ছে। নগরে নতুন কেউ এলেও ঠিকই বুঝে যাবেন নির্বাচনের বেশি বাকি নেই। মোড়ে-মোড়ে শুভেচ্ছাযুক্ত পোস্টার, ফেস্টুন জানিয়ে দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। পুরো নগরের মতো একই চিত্র সিলেট সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডেও।
শাহজালাল উশহরের ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-জি, ব্লক-এইচ, ব্লক-আই, ব্লক-জে এবং বাংলাদেশ ব্যাংক কলোনী নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড গঠিত।
বর্তমান কাউন্সিলার সৈয়দ মিসবাহ উদ্দিনের সাথে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফজলে রাব্বী চৌধুরী, ছালেহ আহমদ সেলিম, মোহাম্মদ দিদার হোসেন, মোহাম্মদ আবু জাফর ও ইব্রাহীম খাঁন সাদেক।
সিসিকের ২২নং ওয়ার্ডে ভোটকেন্দ্র হচ্ছে ৫টি। এগুলো হচ্ছে- শাহজালাল উপশহর উচ্চবিদ্যালয় (দুটি কেন্দ্র), উপশহরস্থ শাহজালাল আদর্শ বিদ্যালয়, শাহজালাল উপশহর একাডেমি এবং উপশহরস্থ বাংলাদেশ ব্যাংক স্কুল।
২২ নং ওয়ার্ডে মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এ ওয়ার্ডে ভোটার কমেছে ৭৮০টি।
২৩নং ওয়ার্ড: সিলেটে জমজমাট নির্বাচনের উদাহরণ হয়ে আছে সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড। গেলো নির্বাচনে বিরল এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলো এ ওয়ার্ড।
এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমদ ছাড়াও অন্যান্য পদপ্রার্থী মামুনুর রহমান মামুন, ছাব্বির আহমদ, ফারুক আহমদ।
সিসিকের ২৩নং ওয়ার্ডের ৩টি ভোটকেন্দ্র হচ্ছে- মাছিমপুরস্থ আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (দুটি কেন্দ্র) এবং মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই ওয়ার্ডের মোট ভোটার ৭ হাজার ১২টি। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৫২০ টি।
২৪নং ওয়ার্ড: নির্বাচনী হাওয়ার তোড়ে সিলেটে এখন অনেক আলাপই ভেসে গেছে। কিংবা জমা থাকছে অন্য সময়ের জন্য। আলাপের খাতায় এখন উপরের দিকেই রয়েছে নির্বাচনী প্রসঙ্গ।
এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সোহেল আহমদ রিপন ছাড়াও অন্যান্য পদপ্রার্থীরা হলেন- হুমায়ুন কবীর সুহিন ও মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান এর আগে সাবেক কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। আওয়ামীলীগ ঘরনার সজ্জন ব্যাক্তি হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। তবে গত বার নির্বাচনের তিনি সোহেল আহমদ রিপন এর কাছে হেরে যান।
এই ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্র হচ্ছে- উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয় (দুটি কেন্দ্র), টুলটিকরস্থ গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুশিঘাটস্থ শাহ গাজী সৈয়দ বুরহানউদ্দিন (রহ.) মাদরাসা।
এই ওয়ার্ডে মোট ভোটার ১২ হাজার ৭১৬ জন। এ ওয়ার্ডে ভোট বেড়েছে ৯৭২টি।
নোট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে শীর্ষবিন্দু নিউজে ‘সিসিক নির্বাচনী হালচাল‘ প্রকাশিত হবে ধারাবহিকভাবে। এতে যে কোন কেউ কোন তথ্য বা খবর দিয়ে শীর্ষবিন্দুকে সহায়তা করতে আহবান জানানো যাচ্ছে। ইমেইল: news@shirshobindu.com