সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০

ঈদে মজাদার ভিন্ন ২টি রেসিপি

ঈদে মজাদার ভিন্ন ২টি রেসিপি

শীর্ষবিন্দু পাঠকদের জন্য এবারের ঈদে মজাদার এই রেসিপিগুলো দিয়েছেন দেশি কেক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেলিমা সুলতানা।

বরিশালের পাক্কন পিঠা

উপকরণ :  ময়দা আধা কেজি। চিনি আধা কেজি। সয়াবিন তেল আধা কেজি। নারিকেল বাঁটা আধা কাপ। বেকিং পাউডার ১ চা-চামচ। ঘি ২ চা-চামচ। ডিম ১টি। লবণ ও পানি পরিমাণ মতো।

পদ্ধতি : ময়দা এবং বেকিং পাউডার একসঙ্গে মেশান। এরপর পানি গরম দিয়ে তাতে লবণ ও ঘি দিন। পানি ফুটে আসলে ময়দা দিয়ে সিদ্ধ করুন। গরম ময়দাতে নারিকেল বাঁটা ও ডিম দিয়ে মাখিয়ে ময়ান দিন। মানে ভালো করে ছেনে নিন। এরপর ছোট ছোট গোলাকৃতির বল বানান। বিভিন্ন ছাঁচে চাপ দিয়ে ফুল কিংবা পাতার আকৃতিতে পিঠা নকশা করুন। হাতেও নকশা করতে পারেন।

এরপর পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিন। একটি কড়াইয়ে অল্প পানিতে চিনি, দারুচিনি এবং এলাচি দিয়ে পাতলা সিরা তৈরি করুন। সিরা ঠাণ্ডা করে তাতে পিঠা ভিজিয়ে রাখুন এক থেকে দেড় ঘন্টা। পিঠা নরম হয়ে আসলে একটি ছড়ানো ডিশে তুলে নিয়ে পরিবেশন করুন বরিশালের পাক্কন পিঠা।

 

 

 

বরিশালের রসুনের আচার

উপকরণ : তেঁতুল ১ কেজি। রসুন ১ কেজি। সরিষা বাটা ৩-৪ টেবিল-চামচ। রসুন বাটা ৩-৪ টেবিল চামচ। ভাজা শুকনা মরিচ গুঁড়া পরিমাণ মতো। চিনি ১ পোয়া। সরিষার তেল আধা কেজি। পাঁচফোড়ন ২ চা-চামচ। সিরকা ২ কাপ। লবণ পরিমাণ মতো।

পদ্ধতি : প্রথমে তেঁতুল পানিতে ভিজিয়ে গোলা করে নিন। ১ পোয়ার রসুন নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিন। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করুন। তাতে পাঁচফোড়ন দিয়ে ভাজুন। এখন একে একে রসুন বাটা, সরিষা বাটা, সিরকা, লবণ দিয়ে কষিয়ে তেঁতুল দিয়ে জ্বাল দিন। এরপর রসুন দিয়ে  ভালো করে কষিয়ে নিন।

রসুন আধা সিদ্ধ হলে আগে থেকে ভেজে গুঁড়া করা শুকনা মরিচ ও চিনি দিন। রসুন পুরো সিদ্ধ হয়ে আসলে তেঁতুল এবং রসুন যখন একসঙ্গে মেখে মেখে যাবে তখন আচার চুলো থেকে নামিয়ে আনুন।

আপনার রসুনের আচার এখন পরিবেশনের জন্য প্রস্তুত।

সমন্বয়ে : ইশরাত মৌরি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026