শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩২

সিলেটে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ

সিলেটে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ

শীর্ষবিন্দু নিউজ: চলমান আন্দোলনের ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষার্থী বিক্ষোভ করেছে। এ সময় তারা চৌহাট্টা এলাকায়ও অবরোধ সৃষ্টি করে।

এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে স্থবির হয়ে পড়ে নগরীর অর্ধেকের বেশি এলাকা। এদিকে গতকাল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে কয়েকটি দূরপাল্লার যানবাহন ছেড়ে গেছে। তবে তাতে যাত্রী সংখ্যা ছিল কম।

গতকাল সকাল ৯ টায় আন্দোলনে উত্তাল হয়ে উঠে শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। হাজারো শিক্ষার্থী গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

অপরদিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সকাল ১১টা থেকে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। প্রথমে সিলেটের কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধনে দাঁড়ায়।

পরে মানববন্ধনে ছাত্র সংখ্যা বাড়তে বাড়তে পুরো শহীদ মিনার এলাকা লোকারণ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় বসে ৯ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করতে থাকে।

এ সময় কোতোয়ালি পুলিশের একটি দল সেখানে গিয়ে আন্দোলনকারী ছাত্রদের সরাতে চাইলেও তারা সরেনি। তবে জরুরি যানবাহন চলাচলের রাস্তা করে দেয় শিক্ষার্থীরা।

বেলা ১১টার দিকে সিলেটের শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ৯ দফা দাবির পক্ষে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে আসে।

সেখান থেকে তারা মিছিল নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে এসে পৌঁছায়। এরপর প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পথ র‌্যালি করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আসে।

এ সময় লোকারণ্য হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। হাজারো শিক্ষার্থীর অবস্থানের কারণে চৌহাট্টা এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। যানবাহন চলাচলও কমে আসে।

এতে করে বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত ও রিকাবীবাজার থেকে নয়াসড়ক এলাকায় পর্যন্ত যানবাহন চলাচল কমে আসে। নগরের অর্ধেক এলাকায় দেখা দেয় যানজটও। বিকাল দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

তাদের বিক্ষোভে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হয়। এরপর আগামীকাল ফের অবস্থানের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026