শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ট্যাক্সি সার্ভিস কোম্পানি উবার এর সঙ্গে চালকবিহীন গাড়ি উন্নয়ন ও তা ব্যাপকভাবে চালু করতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে টয়োটা।
২০২১ সালের মধ্যে টয়োটার সিয়েন্না মিনিভ্যানকে প্রযুক্তিগত উন্নয়নের সাহায্যে চালকবিহীন গাড়িতে রুপান্তরিত করা হবে। এরপর তা পরীক্ষামূলকভাবে রাস্তায় নামানো হবে।
এক্ষেত্রে উবার ও টয়োটা যৌথভাবে কাজ করবে। এজন্যে সফটওয়্যার উন্নয়নের প্রয়োজন হবে যা সিয়েন্ন মিনিভ্যানে সংযুক্ত করা হবে।
টয়োটার প্রেসিডেন্ট উবারের সঙ্গে এ বিনিয়োগকে জরুরি এক মাইলফলক বলে উল্লেখ করে বলেছেন, এ উদ্যোগের মধ্যে দিয়ে তার কোম্পানি একটি গতিশীল প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে।
গাড়ি তৈরি ও প্রযুক্তি কোম্পানিগুলো ভবিষ্যত বিবেচনা করে নিজেদের মধ্যে সহযোগিতা ও বিনিয়োগে আগামীতে আরো বৃদ্ধি করবে বলে জানান টয়োটার প্রেসিডেন্ট।
ইতিমধ্যে ওয়েমো, ক্রিসলার ও জাগুয়ার ল্যান্ডরোভারের সঙ্গে গাড়ি ক্রয়ে চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রের বোস্টন পরামর্শক গ্রুপ এর কর্মকর্তা ব্রায়ান কলি প্রযুক্তি ও গাড়ি তৈরি কোম্পানিগুলোর মধ্যে এ ধরনের সহযোগিতাকে সক্ষমতার পরিপূরক হিসেবে দেখছেন।
এর আগে ২০১৫ সালে টয়োটা তার গবেষণা ইনস্টিটিউটকে কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবে গবেষণার জন্যে ১’শ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়।