শীর্ষবিন্দু নিউজ: উদ্বোধন হলো দেশের দীর্ঘতম উড়াল সেতুর। গতকাল প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধন করেন। আর এ ফ্লাইওভার উদ্বোধনের মধ্যদিয়ে রাজধানীতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে বড় ধরনের অবকাঠামো নির্মিত হলো। ফ্লাইওভারটি নির্মাণ করেছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। এতে ব্যয় হয়েছে ২৩০০ কোটি টাকা। ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ এবং ওরিয়ন গ্রুপ যৌথভাবে এ ফ্লাইওভার বাস্তবায়ন করেছে।
১১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি উদ্বোধন করে এটিকে আসন্ন ঈদুল আজহায় বর্তমান আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নগরবাসীর জন্য উপহার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঈদুল ফিতরের আগে আমি কুড়িল ফ্লাইওভার উদ্বোধন করেছি, সেটি ছিল ঈদুল ফিতরের উপহার। আজ আমরা দেশের বৃহত্তম ফ্লাইওভার উদ্বোধন করেছি এবং এটি নগরবাসীর জন্য ঈদুল আজহার উপহার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার গত ২রা জানুয়ারি হাতিরঝিল প্রকল্প খুলে দেয়ার মাধ্যমে নগরবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। প্রতিটি উৎসবে দেশবাসীকে নতুন উপহার প্রদানের মাধ্যমে উৎসবের আনন্দকে দ্বিগুণ করছি। আওয়ামী লীগ সরকার সব সময়ই জনগণের সরকার। আমরা সরকারে আসি জনগণকে দিতে, নিতে নয়। এ ফ্লাইওভার সরকারি বেসরকারি অংশীদারিত্বে নির্মিত প্রথম প্রকল্প এবং এটির নকশা ও নির্মাণে আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়েছে। এ ফ্লাইওভার নির্মাণের ফলে যাত্রাবাড়ী-সায়েদাবাদ-গুলিস্তান-ফুলবাড়িয়া-পলাশী সড়ক আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চার লেনের সড়কে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথে নির্মিত এ ফ্লাইওভারটি যান চলাচল সহজ করতে সহায়ক হবে। তিনি বলেন, এর মাধ্যমে ঢাকাগামী মানুষের ভোগান্তি কমবে। শেখ হাসিনা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যোগাযোগের ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন আসবে এবং আরও দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। এটি পদ্মা সেতুর সঙ্গে যোগাযোগের পথ হিসেবেও কাজ করবে। তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর এবং রাজধানীসহ দক্ষিণ ও দক্ষিণ-দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ সহজতর হবে এবং জনগণের কর্মঘণ্টা বৃদ্ধি পাবে। এ ফলে আমদানিকৃত জ্বালানি রক্ষা পাবে এবং রাজধানীতে জনসংখ্যা হ্রাস পাবে।
তিনি বলেন, আমার বিশ্বাস, দেশের অর্থনীতিতে এ ফ্লাইওভার ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজধানীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। আমরা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) অধীনে রাজধানীকে ট্রাফিক জ্যামমুক্ত একটি আধুনিক ঢাকা করতে ফ্লাইওভার নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আন্ডারগ্রাউন্ড ট্যানেল এবং ঢাকার চারপাশে রিং রোড ও ওয়াটার ওয়েসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জলাবদ্ধতা, নদী ও পরিবেশের দূষণ ও অপরিকল্পিত নগরায়ন দূরীকরণসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। জিল্লুর রহমান ফ্লাইওভার, কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার এবং বনানী ওভারপাস নির্মিত হয়েছে। ২৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রক্রিয়াধীন। রাজধানীতে কয়েকটি মেগা প্রজেক্ট বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে ঢাকার পরিবেশ ও সৌন্দর্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। ১১ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের ৩১৫টি পিলারের নির্মাণ কাজ শেষ হয় গত ১৩ই সেপ্টেম্বর সর্বশেষ সেগমেন্টটি উত্তোলনের মাধ্যমে। সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ মূল ফ্লাইওভারের শুরু ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে এবং তা যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কাপ্তানবাজার ও গুলিস্তান হয়ে শেষ হয়েছে নিমতলীতে। এ ফ্লাইওভার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৩২টি জেলা ও রাজধানীর মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ ও দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া এ ব্যবস্থা সায়েদাবাদ, যাত্রাবাড়ী, টিকাটুলি, গুলিস্তান, ফুলবাড়িয়া এলাকায় দীর্ঘদিনের তীব্র যানজট হ্রাসে সহায়ক হবে বলে বলা হচ্ছে।
মোট ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক এ প্রকল্প বিল্ড, ওউন, ওপারেট ও ট্রান্সফার (বিওওটি) ভিত্তিতে বাস্তবায়িত হয়। কাজের দায়িত্বপ্রাপ্ত ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তার ২৪ বছরের কনসেশন সময় শেষে এই ফ্লাইওভারটি সরকারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ২০১০ সালে এ ফ্লাইওভারের কাজ শুরু হয়। ওই বছরের ২২শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরপর প্রধানমন্ত্রী গাড়িতে করে ফ্লাইওভারের গুলিস্তান প্রান্ত থেকে উঠে কুতুবখালী প্রান্তে যান। সেখানে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ৫০ টাকা টোল দিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে ফিরেন। সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ফ্লাইওভার প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপন করেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।