শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে রোববার নিউইয়র্ক পৌঁছালে নিউজার্সি নিউওয়ার্ক লিবার্টি এয়ারপোর্ট ও হিলটন হোটেলের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করে।
এসময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অনির্বাচিত ও অবৈধ সরকার হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে পদত্যাগ এবং সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
শেখ হাসিনার চরম আমানবিক, অবৈধ সরকার প্রধানের জাতিসংঘে প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। তারা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। সমাবেশে বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে।
বিক্ষোভ সমাবেশে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি শরাফত হোসেন বাবু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুবদল নেতা এম এ বাতিন, জসিম ভূইয়া, স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ।
জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেল ২টা ১০ মিনিটে নিউ জার্সি নিউওয়ার্ক লিবার্টি এয়ারপোর্টে পৌছেন। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।