শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জার্মানিতে অবস্থান করা ফেতহুল্লাহ গুলেনের শতাধিক সমর্থককে হস্তান্তরের জন্য বার্লিনের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
শুক্রবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
তিনদিনের সফরে বৃহস্পতিবার জার্মানিতে পৌঁছান তিনি। মূলত তুরুস্কের অর্থনৈতিক মন্দায় ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির বিনিয়োগ নিশ্চিত করতে এরদোগানের এ সফর।
অর্থনৈতিক সহায়তা মূল লক্ষ্য হলেও স্বাভাবিকভাবেই এরদোগান মেরকেলের বৈঠকে গুলেন প্রসঙ্গ ওঠে। এরদোগান ২০১৬ সালে তুরস্কে সংগঠিত ব্যর্থ অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ধর্মীয় নেতা গুলেনকে দায়ী করেন। যদিও গুলেন তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
এদিকে জার্মান চ্যান্সেলর মেরকেল সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় তাত্ত্বিক গুলেনকে সন্ত্রাসী আখ্যা দেয়ার জন্য এবং ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিতে জার্মানির হাতে যথেষ্ট প্রমাণাদি থাকতে হবে।
এছাড়া তুরস্কে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত কয়েকজন জার্মানিতে অবস্থান করছেন কিনা সে বিষয়টি বার্লিনের কাছে নিশ্চিত নয় বলে জানিয়েছেন মেরকেল।
শুক্রবার সাংবাদিকদের মেরকেল বলেন, তুরস্কের কাছ থেকে পাওয়া প্রমাণাদি আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি, কিন্তু পিকেকে (কুর্দিশ) আমরা যেভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে শ্রেণীভুক্ত করেছি, সেভাবে গুলেন সমর্থকদের আখ্যায়িত করতে আমাদের পর্যাপ্ত তথ্য-প্রমাণাদির প্রয়োজন রয়েছে।