শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্পেন উপকূল হতে আরো প্রায় ৭শ’ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আফ্রিকানদের মধ্যে নারীসহ ৭টি শিশুও রয়েছে বলে জানিয়েছে একজন সরকারি মুখপাত্র।
এছাড়াও শনিবারে আরো অন্তত ৪০৫ জনকে উদ্ধার করা হয় বলে তিনি জানান। স্পেন ভৌগলিকভাবে আফ্রিকার কাছাকাছি হওয়ায় স্থল ও জল উভয় পথেই অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা হয়।
শুধুমাত্র এবছরেই ৪০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী স্পেনে পৌঁছেছে। স্থল পথে পাড়ি জমাতে আফ্রিকার মরক্কো হয়ে সেওতা ও মেলিল্লা দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা হয়।
উল্লেখ্য, স্পেন এখন অভিবাসন প্রত্যাশীদের জন্য ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই পথ দিয়েই প্রতিবছর হাজারো মানুষ সমুদ্র পথে স্বপ্নপূরণে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে।
ইউরোপে অবৈধভাবে পাড়ি জমানো মানুষের প্রায় ৪০শতাংশই এই পথ ব্যবহার করে থাকে যা এপর্যন্ত ১ লাখে দাঁড়িয়েছে। আরো অন্তত ১হাজার ৭শত স্পেনে পৌঁছানোর আগেই দুনিয়া ত্যাগ করেছে।