রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৯

লন্ডন হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতির ট্রানজিট পয়েন্ট

লন্ডন হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতির ট্রানজিট পয়েন্ট

নিউজ ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডন। টেমস্ নদীর তীরে গড়ে ওঠা এ শহর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সৌন্দর্যের জৌলুশ ছিটানো ঐতিহাসিক স্থাপনাসহ বিভিন্ন কারনে বিখ্যাত।

পাশাপাশি গণতন্ত্রের সূতিকাগার খ্যাত ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট স্টাইল পৃথিবীর বিভিন্ন দেশে দেশে অনুকরনীয়ও। বাংলাদেশ জন্মের আগে থেকেই লন্ডনের সাথে ঢাকার বেশ যোগসাজশ। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ব্রিটেন প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখা এবং আর্থিক সহযোগিতার দৃষ্টান্ত ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে মুদ্রিত হয়ে আছে।

তাছাড়া স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি লন্ডনে এসে আন্তর্জাতিক গনমাধ্যমের সাথে প্রথম সংবাদ সম্মেলন ইতিহাসের বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়।

৭৫ পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানার লন্ডনে রাজনৈতিক আশ্রয়ও বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ন অধ্যায় ।

তাছাড়া যে কোন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও দুর্যোগকালীন সময়ে ঢাকার সাথে লন্ডনের সম্পৃক্ততাও স্বীকার্য। কিন্তু সবকিছুকে ছাপিয়ে সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনীতির ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে লন্ডন।

বিশেষ করে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন থেকে লন্ডনে অবস্থান করায় এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিএনপির অধিকাংশ সিদ্ধান্ত লন্ডন থেকে গৃহীত হওয়ায়, লন্ডন কেন্দ্রীক রাজনীতি বেড়ে গেছে বহুগুন।

শুধু তাই নয়, বিএনপি কর্তৃক গৃহীত বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্তকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ লন্ডন ষড়যন্ত্র বলেও আখ্যায়িত করে থাকেন।

তাছাড়া গত দশ বছরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত ও রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে এখানকার বিএনপি ও আওয়ামী লীগ কেন্দ্রীক কর্মসূচী জাতীয় রাজনীতিতেও বেশ প্রভাব বিস্তার করেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারান্তরীন হওয়ার পর থেকে বিএনপি’র অভ্যন্তরীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারেক রহমানের সাথে দেখা করতে কেন্দ্রীয় নেতারা ঘন ঘন লন্ডন আসছেন।

বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত চার মাসে দু’দফা লন্ডনে আসেন। সর্বশেষ গত ১৫ই সেপ্টেম্বর জাতিসংঘ থেকে দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতিসংঘ সফরের বিস্তারিত অবহিত করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে করনীয় ঠিক করতে পরামর্শ করে তিনি দেশে ফিরে যান। তাছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারাও তারেক রহমানের মনযোগ কাড়তে ঘন ঘন লন্ডন সফর করছেন ।

অন্যদিকে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর নজরধারীও লন্ডনের দিকে। বিএনপির নেতাদের মোবাইল ফোনে আড়ি পাতা, স্পর্শকাতর আলাপগুলো প্রকাশ করে দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে ঢাকার বাহিরে লন্ডন হয়ে উঠছে বাংলাদেশের জাতীয় রাজনীতির ট্রানজিট পয়েন্ট।

এবিষয়ে আমাদের সময় ডট কম থেকে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারান্তরীন, তাই দলীয় রাজনৈতিক সিদ্ধান্ত বা পরামর্শ এখান থেকে গৃহীত হওয়াটাই স্বাভাবিক।

তাছাড়া তথ্য  প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে নেতৃত্ব দেওয়া ও দল পরিচালনা করা যায়, সেটাও প্রমান করেছে বিএনপি। শুধু তাই নয়, তারেক রহমানের নেতৃত্ব গুনের প্রখরতার কাছে সরকার ব্যার্থ হয়েছে। সরকার চেয়েছিল বিএনপিকে ভেঙে দিতে, কিন্তু তারেক রহমানের ক্যারিসম্যাটিক নেতৃত্বে পরিচালিত দলে আওয়ামী লীগ ছিড় পর্যন্ত ধরাতে পারেনি।

তবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলছেন ভিন্ন কথা। এ প্রতিবেদকের সাথে ফোনে আলাপকালে তিনি বলেন, তারেক রহমানের ছত্রছায়ায় যুক্তরাজ্য বিএনপি রাজনীতি নয়, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জামায়াতকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের রাজনীতির নাম হচ্ছে বিএনপি।

তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরে যাওয়া আসার পথে লন্ডনে যাত্রাবিরতির প্রাক্কালে যুক্তরাজ্য আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারনে বিএনপি ও তাদের মিত্ররা কিছুই করতে পারেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026