শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে বের হওয়ার পরও ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ-টিপিপি চুক্তিতে ব্রিটেনকে স্বাগত জানাবে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে সংবাদমাধ্যম ফিনানশিয়াল টাইমসকে একথা বলেন।
এছাড়া, যুক্তরাজ্য ও ইইউ’র প্রতি চুক্তিহীন ব্রেক্সিট-নীতি এড়াতে বুদ্ধিমত্তা ব্যবহারেরও অনুরোধ জানান তিনি। ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, টিপিপি হলো জাপান, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ মোট ১১ দেশের মধ্যকার একটি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিপিপি থেকে গতবছর যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত ট্রাম্প।
আবে বলেন, আমি আশা করি, তারা দু’পক্ষই সর্বোচ্চ বুদ্ধিমত্তার ব্যবহার করবে। কেননা, একটি চুক্তিবিহীন ব্রেক্সিট-নীতি কারও জন্যই সুখকর কোনও পরিস্থিতি সৃষ্টি করবে না। বিশেষ করে, জাপানের বাণিজ্যখাতসহ বিশ্ব অর্থনীতিতে এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়বে।
উল্লেখ্য, ইউরোপের বাজারে অন্যতম বিনিয়োগকারী একটি দেশ জাপান। তবে, বেশিরভাগ জাপানি প্রতিষ্ঠান মনে করছে, তারা তাদের লন্ডনের অফিসগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবে।
ইলেক্ট্রনিক জায়ান্ট প্যানাসনিক জানিয়েছে, তারা খুব শীঘ্রই তাদের ইউরোপের প্রধান কার্যালয় যুক্তরাজ্য থেকে সরিয়ে আমস্টারডামে নিয়ে যাবে।