শীর্ষবিন্দু নিউজ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট সন্নিকটে চলে এসেছে। এ নিয়ে ক্ষতির আশঙ্কায় ব্রিটিশ পার্লামেন্ট প্রায় বিভক্ত হয়ে পড়েছে। মঙ্গলবার চুক্তিহীন ব্রেক্সিট ঠেকানোর পক্ষে ভোট দিয়েছেন দেশটির এমপিরা।
ব্রিটিশ পার্লামেন্টে একটি অর্থনৈতিক বিলের ওপর ভোট হলে চুক্তিহীন ব্রেক্সিট ঠেকানোর প্রশ্নে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টির অন্তত ২০ জন এমপি প্রধানমন্ত্রী থেরেসা মে’র নীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
এতে সরকারের ব্যয় করার ক্ষমতা হ্রাস করতে আনা বিলটি ৩০৩–২৯৬ ভোটে পাশ হয়ে যায়। এই বিলটি মে’র চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে অনেক বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
বিরোধী লেবার পার্টি ক্ষমতাসীন দলের বিদ্রোহী এমপিদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং বিলটিকে তারা যুগান্তকারী আখ্যায়িত করেছে। এটি চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে লেবার দলের এমপি জেরেমি করবিন।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি ব্রেক্সিটের ওপর ব্রিটিশ পার্লামেন্টে ভোট হবে এবং আগামী ২৯ মার্চ সম্ভাব্য ব্রেক্সিটের জন্য তারিখ ধার্য রয়েছে।